রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের শ্রেণি কক্ষে ঢুকে উচ্ছৃঙ্খল আচরণ করা সেই যুবককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের কোতোয়ালি থানা পুলিশ। গ্রেফতারকৃত যুবকের নাম জুবায়ের এলাহী। তাকে কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (২৯ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ২৭ অক্টোবর সকালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের একাডেমিক বিল্ডিংয়ের ২য় তলায় ১নং গ্যালারিতে একজন যুবক লাঠি হাতে প্রবেশ করে। সে লাঠি হাতে গ্যালারিতে উচ্ছৃঙ্খল আচরণ ও চিৎকার চেঁচামেচি শুরু করে। এই সময় গ্যালারিতে বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী ছিল, তারা ভয়ে গ্যালারি থেকে বের হয়ে যায়। যুবকটি বিভ্রান্তের মতো এদিক ওদিক ছোটাছুটি করে মেডিকেল কলেজ ত্যাগ করে।
তালেবুর রহমান আরও জানান, সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং প্রাথমিক অনুসন্ধান করে। এরপর ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে যুবককে শনাক্তপূর্বক গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ফুটেজটি ছড়িয়ে পড়লে এটা নিয়ে নানারকম বিভ্রান্তি ও গুজব ছড়ানো হচ্ছে। ঘটনাটি নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছে ডিএমপি। গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠনো হয়েছে বলেও জানান তিনি।