নেত্রকোনার কলমাকান্দায় জমিতে মটরের মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে সাবেক সেনা সদস্যসহ দুইজন নিহত হয়েছে। এসময় একজন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে উপজেলার পোগলা ইউনিয়নের বেকরিকান্দা এলাকায় এই ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- উপজেলার পোগলা ইউনিয়নের শুনই বেকরিকান্দা এলাকার সদর আলী ফকিরের ছেলে সাবেক সেনা সদস্য রফিকুল ইসলাম (৫৫), একই এলাকার তার কর্মচারী ফজু মিয়ার ছেলে সুমন মিয়া (৩২)। আহত ব্যক্তি ওই এলাকার আব্দুল খালেকের ছেলে জায়েদুল (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বেকরিকান্দা এলাকায় মঙ্গলবার সকাল ৮টার দিকে রফিকুল ইসলামের বাড়ির পেছনে জমিতে সেচ দেয়ার বৈদ্যুতিক মেশিন মেরামতের কাজ করছিলেন তিনি। এ সময় বিদ্যুতের তারে জড়িয়ে যান রফিকুল ইসলাম। পরে তার দুই কর্মচারী তাকে বাঁচাতে গেলে তারাও তারে জড়িয়ে পড়ে। এতে মারাত্মক আহত হন তারা। দ্রুত স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত জায়েদুলকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
কলমাকান্দা থানায় অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সময়ের আলো/আরআই