চরফ্যাশনে যাত্রীবাহী বাসকে অতিক্রম করতে গিয়ে মালবাহী নসিমন-করিমন এর সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. ইমন (১৬) ও নেছার উদ্দিন (২০) নামের দুই বন্ধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী সিয়াম (২০) গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে চরফ্যাশন পৌরসভার ১নম্বর ওয়ার্ড কাইমুদ্দির মোড় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার নীলকমল ইউনিয়নের মো.কালামের ছেলে ইমান ও বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের ইলিয়াস আহমেদের ছেলে নেছার উদ্দিন। এবং আহত সিয়াম চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের আনছার আলীর ছেলে।
জানা গেছে, দুর্ঘটনার পর চরফ্যাশন ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমন ও নেছার উদ্দিনকে মৃত ঘোষণা করেন। এবং আহত সিয়ামকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা হাসপাতালে (শেবাচিম) রেফার করেন।
পুলিশ ও স্বজনরা জানান, বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের বন্ধু নেছার উদ্দিনের বাড়ি থেকে আজ (মঙ্গলবার) বিকেলে তিন বন্ধু মোটরসাইকেল যোগে চরফ্যাশনের উদ্দেশ্যে আসার পথে চরফ্যাশন পৌরসভার ১নম্বর ওয়ার্ড কাইমুদ্দির মোড় আসলে যাত্রীবাহী একটি বাসকে অতিক্রম করার সময় অপরদিক থেকে একটি দ্রুতগামী মালবাহী নসিমন-করিমন এর সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলটি ছিটকে পড়ে মোটরসাইকেলে থাকা তিন আরোহী গুরুতর আহত হন।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান হাওলাদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার খবর শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ থাকলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/আরআই