দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা নদীর ওপর নির্মিত দেশের বৃহৎ বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু দিয়ে মঙ্গলবার পরীক্ষামূলক ট্রেন চলাচল করেছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে একটি ইঞ্জিন ও তিন বগি নিয়ে সকাল ৯টা ৪২ মিনিটে ভূঞাপুর অংশের পূর্বপাড় থেকে ছেড়ে সিরাজগঞ্জের পশ্চিম অংশে যায়। ট্রেনটি ১০টা ৪১ মিনিটে পূর্বপাড়ে ফিরে আসে। এদিকে পরীক্ষামূলক ট্রেন চালু হলেও ট্রেনের পূর্ণ গতি ফিরতে সময় লাগবে আরও দুই মাস।
বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু প্রকল্পের পরিচালক আল ফাত্তাহ মাসউদুর রহমান জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু দিয়ে একটি ইঞ্জিন ও তিন বগি নিয়ে আজ (মঙ্গলবার) সকাল ৯ টা ৪২ মিনিটে ভূঞাপুর অংশের পূর্বপাড় থেকে ছেড়ে সিরাজগঞ্জের পশ্চিম অংশে যায়। ট্রেনটি ১০টা ৪১ মিনিটে পূর্বপাড়ে ফিরে আসে। সিরাজগঞ্জ প্রান্ত থেকে অপর একটি ট্রেন একটি ইঞ্জিন ও তিন বগি নিয়ে সকাল ১০টা ২০ মিনিটে পূর্ব প্রান্তে আসে ও ১০টা ২৯ মিনিটে পশ্চিম প্রান্তের দিকে যাত্রা শুরু করে। প্রথমে ১০ কিলোমিটার বেগে চলাচল করলেও পরে ৪০ কিলোমিটার বেগে ট্রেন দুটি চলাচল করে।
তিনি জানান, সেতুটির কাজ প্রায় পুরোপুরি শেষ হয়েছে। আনুষ্ঠানিকভাবে এটির উদ্বোধন করা হবে জানুয়ারিতে।
প্রকল্প সূত্রে জানা যায়, ২০২০ সালের আগস্ট মাসে ৯ হাজার ৭৩৪ দশমিক ৭ কোটি টাকা ব্যয়ে সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। পরবর্তীতে এ ব্যয় বেড়ে দাঁড়ায় ১৬ হাজার ৭৮০ দশমিক ৯৬ কোটি টাকা। যার ১২ হাজার ১৪৯ দশমিক ২ কোটি টাকা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ঋণ হিসেবে দিয়েছে। এ প্রকল্পের মূল নির্ধারিত সময় ছিল জুলাই ২০১৬ থেকে ডিসেম্বর ২০২৩। কিন্তু প্রথম সংশোধনে এ সময়সীমা ডিসেম্বর ২০২৪ এ স্থানান্তরিত করা হয়।
এর আগে ২০১৬ সালের ৬ ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রকল্পটি অনুমোদন দেয়।
সময়ের আলো/আরআই