রাজশাহীর পুঠিয়ায় চিরকুট লিখে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রোববার (১ ডিসেম্বর) পুঠিয়া উপজেলার সদরের কাঠালবাড়ীয়া নামক গ্রামে ওই ঘটনা ঘটে।
নিহত শ্রাবণী রানী সরকার (৫০) কাঁঠালবাড়ীয়া এলাকার হোমিও চিকিৎসক বিধানচন্দ্র সরকারের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত গৃহবধূ শ্রাবণী সরকার আজ (রোববার) দিবাগত রাতের যেকোনো সময় আত্মহত্যার ঘটনা ঘটিয়েছেন। ঘটনাটি সন্দেহজনক হওয়ায় পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পাঠিয়েছেন। পাশাপাশি ঘটনাস্থল থেকে পুলিশ একটি চিরকুট উদ্ধার করেছেন। চিরকুটে লেখা ছিল তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় এমনটা।
এ বিষয়ে নিহতের স্বামী বিধান চন্দ্র সরকার জানান, ভোর চারটায় হঠাৎ ঘুম ভেঙ্গে গেলে বিছানায় না পেয়ে পাশে আরেকটি রুম আটকানো দেখতে পায়। এসময় ছেলে-মেয়েকে ডেকে তুলে অনেক ডাকাডাকি করার পরও দরজা না খোলায় ঘরের সিটকানি ভেঙ্গে ভিতরে প্রবেশ করি। দেখতে পায় ফ্যানের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে আছে। এরপর তাকে নিচে নামিয়ে বাঁচানোর চেষ্টা চলে। এছাড়াও তিনি মানসিক রোগীও ছিলেন।
আত্মহত্যার ব্যাপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, নিহত শ্রাবণী রানী সরকার মানসিকভাবে অসুস্থ ছিল তার চিকিৎসাও চলছিল। ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে মনে হচ্ছে। তবে তার নাক দিয়ে রক্ত পড়ছে এটা দেখে সন্দেহ হয়। তাকে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে আরও বিস্তারিত জানানো সম্ভব হবে।
সময়ের আলো/আরআই