ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকদের জিম্মি করে ডাকাতির চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ওই শাখার এক কর্মকর্তা বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলাটি করেন।
মামলায় আত্মসমর্পণ করা তিনজন লিয়ন মোল্লা ওরফে নীরব (২২) ও অন্য দুই কিশোরকে (১৬) গ্রেফতার দেখানো হয়েছে। লিয়ন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কুমুরিয়া গ্রামের বাসিন্দা কবির মোল্লার ছেলে। অন্যদিকে দুই কিশোরের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী খালপাড় এলাকায়। লিয়ন পেশায় গাড়িচালক। বাকি দুজনের একজন একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী, আরেকজন মাদরাসার শিক্ষার্থী।
থানা পুলিশ সূত্রে জানা যায়, মামলায় আত্মসমর্পণ করা তিনজনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে দস্যুতার অভিযোগ আনা হয়েছে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) জাহাঙ্গীর আলম বলেন, রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ডাকাতির চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। মামলায় আত্মসমর্পণ করা তিনজনকে গ্রেফতার দেখানো হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে। জিজ্ঞাসাবাদের জন্য লিয়ন মোল্লাকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হবে।
গত বৃহস্পতিবার দুপুর ২টার দিকে চুনকুটিয়া পাকাপুল এলাকায় রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ওই তিনজন হানা দেয়। এক পর্যায়ে তারা ব্যাংকে কর্মরত ১০ ব্যাংক কর্মকর্তা ও ৬ গ্রাহককে খেলনা অস্ত্রের মুখে জিম্মি করেন। তারা ব্যাংকের কাউন্টার থেকে ১৮ লাখ টাকা লুট করে। খবর পেয়ে ভবনটি ঘিরে ফেলে স্থানীয় বাসিন্দা ও যৌথ বাহিনীর সদস্যরা। সাড়ে ৩ ঘণ্টা পর তিনটি অস্ত্রসহ আত্মসমর্পণে বাধ্য হন ওই তিনজন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের কেরানীগঞ্জ মডেল থানায় নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, ডাকাতদের হাতে থাকা অস্ত্রগুলো ছিল ‘খেলনা পিস্তল’। তাদের কাছ থেকে ৪টি খেলনা পিস্তল, ২টি চাকু, ১টি লোহার পাইপ, ১টি স্কুলব্যাগ, ৩টি মাস্ক, ৩ জোড়া গ্লাভস ও ৩টি কালো চশমা উদ্ধার করা হয়।
সময়ের আলো/আরএস/