জয়ে আসর শুরু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশালের

সময়ের আলো অনলাইন

খেলাধুলা

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর মধ্যকার রোমাঞ্চকর ম্যাচ দিয়ে মাঠে গড়ালো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর। আগে

2024-12-30T17:26:52+00:00
2024-12-30T17:44:15+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
খেলাধুলা
জয়ে আসর শুরু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশালের
সময়ের আলো অনলাইন
প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ৫:২৬ পিএম  আপডেট: ৩০.১২.২০২৪ ৫:৪৪ পিএম  (ভিজিট : ৪৫৯)
জয়ে আসর শুরু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশালের
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর মধ্যকার রোমাঞ্চকর ম্যাচ দিয়ে মাঠে গড়ালো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর। আগে ব্যাট করে ইয়াসির রাব্বীর মারকুটে ইনিংসের সুবাদে ১৯৭ রানের বড় সংগ্রহ পেয়েছিল রাজশাহী। এরপর প্রায় দুইশ ছোঁয়া লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাট হাতে শুরুতে বিপর্যয়ের মুখেই পড়েছিল তামিমের দল। তবে মাহমুদউল্লাহ রিয়াদ আর ফাহিম আশরাফের বিধ্বংসী ইনিংসের সুবাদে ১১ বল হাতে রেখে ৪ উইকেটে রোমাঞ্চকর এক জয় ফরচুন বরিশালের।

সোমবার (৩০ ডিসেম্বর) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এবারের বিপিএলের উদ্বোধনী ম্যাচ নানা বিপত্তি। উদ্বোধনী ম্যাচ শুরুর প্রায় ঘণ্টা দুয়েক আগে ওই টিকিটের জন্যই স্টেডিয়ামের বাইরে হয়েছে ধাক্কাধাক্কি। গেট ভাঙার চেষ্টা। ম্যাচ শুরুর আগে থেকেই স্টেডিয়ামে প্রবেশের গেটগুলোতে দেখা যায় দর্শকের ভিড় ও লাইন। নির্ধারিত সময়ের আগে গ্যালারিতে প্রবেশের অনুমতি না মেলায় হুড়োহুড়ি, চিৎকার, স্লোগানও শোনা গেছে।

মাঠের বাইরের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়িয়ে বল গড়ায় মিরপুরের সবুজ ঘাসে। আসরের উদ্বোধনী ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৭ রান করে দুর্বার রাজশাহী। জবাবে খেলতে নেমে ১৯ ওভার ১ বলে ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফরচুন বরিশাল।

প্রায় দুইশ ছোঁয়া লক্ষ্য তাড়া করতে নেমে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশালের শুরুটা অবশ্য ভালো হয়নি। ইনিংসের প্রথম বলেই আউট হন শান্ত। এরপর তামিমও নিজের ইনিংস বড় করতে পারেননি। তাওহীদ হৃদয় ৩২ রান করলেও ব্যাট হাতে অবদান রাখতে ব্যর্থ হয়েছেন বল হাতে ২ উইকেট নেয়া কাইল মায়ার্স। এরপর মুশফিক আউট হন ১৩ রান করে।

৬১ রানেই ৫ উইকেট হারিয়ে হারের শঙ্কায় পড়েছিল বরিশাল। তবে ছয় নম্বরে ব্যাট করতে নেমে দলের হাল ধরেন মাহমুদউল্লাহ। সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদউল্লাহ শুরু থেকেই ছিলেন আগ্রাসী। দলীয় ১১২ রানে শাহিন শাহ আফ্রিদি সাজঘরে ফেরার পর ক্রিজে রিয়াদের সঙ্গী হন ফাহিম আশরাফ। ষষ্ঠ উইকেটে শাহিনের সঙ্গে ৫১ রানের জুটি গড়েছিলেন রিয়াদ। পাকিস্তানি পেসারও খেলেছেন দারুণ এক ক্যামিও ইনিংস। ১৭ বলে ২৭ রান করে তিনি আউট হন। এরপর ফাহিমকে সাথে নিয়ে নিয়েই বরিশালের জয় নিশ্চিত করেন রিয়াদ।

এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই জিসান আলমকে হারায় রাজশাহী। কাইল মায়ার্সের বলে ইনসাইড এজে তিনি হয়েছেন বোল্ড। অপর ওপেনার পাকিস্তানের মোহাম্মদ হারিস কিছুটা আভাস দিয়েছিলেন ঝড়ের। কিন্তু মায়ার্সের স্লোয়ার বলে টাইমিং গড়বড় করে হয়েছেন আউট। দলীয় ২৫ রানেই ২ উইকেট হারায় দুর্বার রাজশাহী। কিন্তু এই বিপর্যয়ের পরেই যেন ঝড় তোলা শুরু করে রাজশাহী।

দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল বিজয় পেয়েছেন এবারের বিপিএলের প্রথম ফিফটি। ৪১ বলে পূরণ করেন অর্ধশতক। খানিক পরেই তাতে যোগ দেন ইয়াসির রাব্বিও। দুজনে ৮৭ বলে করেছেন ১৪০ রানের বড় জুটি। বিজয় ৬৫ রানে ফিরলেও ৪৭ বলে ৯৪ রান করে অপরাজিত ছিলেন রাব্বি।

সময়ের আলো/আরআই


Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: