বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে ঢালিউড সুপারস্টার শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসকে ৪০ রানে হারাল রংপুর রাইডার্স। শুরুর যাত্রাটা মোটেই শুভ হলো না ঢালিউড সুপারস্টারের। দলের প্রথম ম্যাচ দেখতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসেছিলেন তিনি, খেলা দেখেছেন প্রেসিডেন্ট বক্সে বসে। যদিও ক্রিকেট মাঠে অভিষেকটা হলো হার দিয়ে। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৯১ রানের সংগ্রহ গড়ে রংপুর। জবাবে নেমে ৯ উইকেটে ১৫১ রানে থামে ঢাকার ইনিংস। ঢাকাকে হারানোর পেছনে মূল কারিগর ছিলেন রংপুরের স্পিনার মেহেদী হাসান। দুই ওভারে চার উইকেট নিয়ে একরকম ম্যাচের ফয়সালাই করে দিলেন। জয় দিয়ে আসর শুরু গ্লোবাল টি-টুয়েন্টি লিগে চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের।
সোমবার (৩০ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামা রংপুরের হয়ে ফিফটি করতে পারেননি কেউ। তবে কয়েকজনের কার্যকর ইনিংসে ২০ ওভারে ১৯১ রানের পুঁজি পায় তারা। জবাবে খেলতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৫১ রানের বেশি করতে পারেনি ঢাকা।
১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পায় ঢাকা। উদ্বোধনী জুটিতে ৬৫ রান তোলেন তানজিদ তামিম ও লিটন দাস। তানজিদ ২১ বলে ৩০ রানে ফিরে গেলে জুটি ভাঙে। তার ইনিংসে ছিল দুটি করে চার ও ছক্কার মার। তিনে নামা হাবিবুর রহমান সোহান ভালো শুরুর আভাস দেন। প্রথম বলেই শেখ মেহেদীকে ছক্কা হাঁকান। পরের বলে টপ এজ হয়ে ফিরে যান। এক ওভার পরেই লিটন ফিরে যান ২৭ বলে ৩১ রান করে। তার ইনিংসে ছিল তিনটি চার ও একটি ছক্কার মার। পরেই ধস নামে ঢাকার ইনিংসে।
এরপর ঢাকার ক্যাপ্টেন অধিনায়ক থিসারা পেরেরা এসে ২টি ছক্কা ও ১টি আগ্রাসী শুরু করেন। তবে তাকে খুব বেশি আগাতে দেননি কামরুল ইসলাম রাব্বি। এরপর খুশদিল শাহ ও রাকিবুল হাসানের বলে দ্রুত ফিরে যান আলাউদ্দিন বাবু ও আমির হামজা। এক প্রান্ত আগলে ঢাকার আশা জাগিয়ে রেখেছিলেন স্টিফেন এস্কিনাজি। তবে এলবিডাব্লিউর ফাঁদে ফেলে দুই প্রান্তেই লেজ বের করে আনেন খুশদিল। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৫১ রানে থামে শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস।
রংপুরের হয়ে ২৭ রানে ৪ উইকেট নেন মেহেদী হাসান। ২ উইকেট পেয়েছেন খুশদিল শাহ। একটি করে উইকেট পেয়েছেন সাইফউদ্দিন, রাকিবুল হাসান এবং কামরুল ইসলাম।
এর আগে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি রংপুরের। দলীয় ২০ রানে দুই ওপেনারকে হারিয়ে জোড়া ধাক্কা খায় দলটি। স্টিভ টেইলরকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন মোস্তাফিজুর রহমান। আলেক্স হেলসকে বোল্ড করে দেন আলাউদ্দিন বাবু। তবে সাইফ হাসান ও ইফতিখারের ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা। সাইফ করেছেন ৪২ রান, আর ইফতেখার ব্যাট থেকে এসেছে ৪৯ রান।
দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ রানের ইনিংস খেলেন ইফতেখার। ৩৮ বলে ৮টি চারের সাহায্যে সাজান নিজের ইনিংস। ২৩ বলে সমান ৩টি করে চার ও ছক্কায় ৪৬ রানের ইনিংস খেলেন খুশদিল। সাইফের ব্যাট থেকে আসে ৪০ রান। ২টি করে চার ও ছক্কায় ৩৩ বলে এই রান করেন তিনি। ১১ বলে ৬টি চারের সাহায্যে ২৫ রানের ক্যামিও খেলেন সোহান।
এরআগে, আসরের উদ্বোধনী ম্যাচে মাঠে নামে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। যেখানে রোমাঞ্চ ছড়িয়ে ১১ বল হাতে রেখে ৪ উইকেটের দুর্দান্ত জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।
সময়ের আলো/আরআই