খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে উপাচার্য এ ঘটনার তীব্র নিন্দা জানান। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমে এ বিবৃতিটি পাঠানো হয়।
এতে উপাচার্য বলেন, সহিংসতা কখনও প্রতিবাদের ভাষা হতে পারে না। শিক্ষকদের উপর হামলা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি উপাচার্যের উপর হামলাসহ কুয়েটের সাম্প্রতিক সব ঘটনার নিরপেক্ষ তদন্ত করা এবং তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বিবৃতিতে তিনি আরও বলেন, আলোচনার মাধ্যমে বিবাদমান বিষয়গুলোর শান্তিপূর্ণ সমাধানের জন্য সব পক্ষেরই আন্তরিকভাবে কাজ করা উচিত। তিনি আহতদের দ্রুত সুস্থতাও কামনা করেন।