প্রতিদিনই কোনো না কোনো কারণে বিশ্বের বিভিন্ন দেশে বেড়ে চলেছে বায়ুদূষণের মাত্রা। বৃহস্পতিবার (২৭ মার্চ) বায়ুদূষণে বিশ্বের ১২৪ শহরের মধ্যে শীর্ষ ১১তম স্থানে উঠে এসেছে ঢাকা। এদিন সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা যায়।
আইকিউএয়ার বাতাসের মান নিয়ে লাইভ বা তাৎক্ষণিক সূচক প্রকাশ করে। যা একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়ার পাশাপাশি সতর্ক করে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় আইকিউএয়ার সূচকে সবার ওপরে আছে প্রতিবেশী দেশ ভারতের দিল্লি শহর।
শহরটির বাতাসের মানের স্কোর ৩৩০। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়। পাশাপাশি ২১৪ স্কোর নিয়ে তালিকার শীর্ষ নম্বরে আছে নেপালের কাঠমান্ডু। শহরটির বাতাসও আজ নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর।
এছাড়া ১৪৪ স্কোর নিয়ে তালিকার ১১তম স্থানে রয়েছে ঢাকা। বাতাসের এই মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।