আবাসন সংকট নিরসনসহ চার দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বরাবর স্মারকলিপি প্রদান করেছে শিক্ষার্থীরা। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে এই স্মারকলিপি প্রদান করা হয়।
শিক্ষার্থীরা বলেছেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দুই দশক পার হলেও এখনও শিক্ষার্থীদের জন্য কোনো আবাসন সুবিধা নিশ্চিত করা হয়নি। এটি অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় ‘চরম বৈষম্যমূলক’ উল্লেখ করে তারা বলেন, এটি শিক্ষার্থীদের শিক্ষা, নিরাপত্তা ও মানবিক চাহিদার পরিপন্থী।
৪ দফা দাবির মধ্যে রয়েছে- ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে জবির বাজেট বৃদ্ধি এবং অন্তত ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন ভাতা অন্তর্ভুক্ত করা; দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ এবং পুরান ঢাকায় ড. হাবিবুর রহমান হল ও বাণী ভবনের নির্মাণকাজ আগামী ১০ মে’র মধ্যে শুরু করা; বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি ১৫ দিন অন্তর দ্বিতীয় ক্যাম্পাস ও হল নির্মাণ কার্যক্রমের অগ্রগতি মুক্তমঞ্চে ব্রিফ করার বাধ্যবাধকতা আরোপ; আগামী ১৫ মে’র মধ্যে জবির কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা।
এসব দাবি তুলে ধরে স্মারকলিপিতে বলা হয়, উল্লেখিত দাবিগুলোর দ্রুত বাস্তবায়ন না হলে শিক্ষার্থীদের চলমান শান্তিপূর্ণ আন্দোলন আরও বেগবান হবে এবং এর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী থাকবে।
এসটিও