খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে আজ (বুধবার) রাত সাড়ে নয়টায় আবারও শাহবাগ ব্লকেড করবে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বুধবার (২৩ এপ্রিল) বিকেল চারটায় এই ঘোষণা দেন আন্দোলনটির অন্যতম সংগঠক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ।
এর আগে তারা ‘কুয়েটের পাশে ঢাবি, জবি, জাবি, বুয়েট, সাত কলেজসহ ঢাকার সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ব্যানারে’ বিক্ষোভ মিছিল করে।
মোসাদ্দেক বলেন, একদিকে কুয়েটের শিক্ষার্থীরা কাতরাচ্ছে আর অন্যদিকে শিক্ষা উপদেষ্টা ‘ট্যুর’ দিচ্ছে। শিক্ষা উপদেষ্টার এক সাইনেই যেটা কাজ হয়, সেটা না করে শিক্ষার্থীদের মৃত্যুর মুখে ঢেলে দিচ্ছে।
তিনি বলেন, অনেক শিক্ষার্থী হাসপাতালে। আমরা আর একজনকেও হাসপাতালে দেখতে চাই না। এখনো সময় আছে স্বসম্মানে পদত্যাগ করুন। নয়তো পদত্যাগ কীভাবে করাতে হয় তা ছাত্র সমাজ ভালো করে জানে। হাসিনাকে পালাতে বাধ্য করেছি আমরা।
তিনি আরও বলেন, আমরা জন দুর্ভোগ চাই না। তাই গত ৪-৫ দিন ক্যাম্পাসে কর্মসূচি পালন করেছি। মঙ্গলবার রাতে কিছুক্ষণ শাহবাগ ব্লকেড করলেও ইন্টেরিম সরকার কর্ণপাত করেনি। তারা বাধ্য করছে কঠোর কর্মসূচি দিতে।
মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, বিএনপির উপর দায় দিয়ে ইন্টেরিম দায়মুক্ত হতে চায়। ইন্টেরিমের শিক্ষা উপদেষ্টা চাইলে এক সাইনে এই দালাল ভিসিকে অপসারণ করতে পারে। তারা সেটাকে নিয়ে রাজনীতি করতে চায়। আমরা এই অপরাজনীতি করতে দিব না।
এর আগে মঙ্গলবার রাত দশটায় কুয়েট উপাচার্য অধ্যাপক মাছুদের পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড করে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
এসটিও