ঢাকার বিমানবন্দর সড়কে গাড়িচাপায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু'জন।
বৃহস্পতিবার (১ মে) মধ্যরাতে বনানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বনানী থানার ডিউটি অফিসার এএসআই জানে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানে আলম বলেন, রাত সাড়ে ১২টার দিকে মাছরাঙা টেলিভিশনের অফিসের সামনে গাড়িচাপায় একজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন দু'জন। পুরো ঘটনা জানতে আশেপাশের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে পুলিশ।
এদিকে আহত দু'জনকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাদের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) স্থানান্তর করা হয়েছে।
সিফাত বিশ্বাস নামে এক ব্যক্তি ফেইসবুক গ্রুপ ‘কারহাব’-এ দুর্ঘটনার পরের একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, 'একটি কালো রঙের টয়োটা সিএইচআর গাড়ি এই তিনজনকে মেরে দিয়ে চলে গেল।'
আরআর/এসবিএ