১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ)।
বুধবার (৪ জুন) প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ হয়েছেন ৬০ হাজার ৫২১ জন প্রার্থী। ফল প্রকাশের পর তা প্রার্থীদের মোবাইল ফোনের নিবন্ধিত নম্বরে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়া প্রার্থীরা এনটিআরসিএর ওয়েবসাইট এবং টেলিটকের ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন।
২০২৩ সালের ২ নভেম্বর ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এ পরীক্ষায় অংশ নিতে রেকর্ড প্রায় ১৯ লাখ প্রার্থী আবেদন করেন। ২০২৪ সালের ১৫ মার্চ এ নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২৪ সালের ১৪ অক্টোবর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে এনটিআরসিএ।
এতে ৮৩ হাজার ৮৬৫ জন উত্তীর্ণ হন। গড় পাসের হার ছিল ২৪ শতাংশ। লিখিত পরীক্ষায় মোট ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন প্রার্থী উত্তীর্ণ হন।
এর মধ্যে স্কুল-২ পর্যায়ে ২৯ হাজার ৫১৬ জন, স্কুল পর্যায়ে ২ লাখ ২১ হাজার ৬৫২ জন এবং কলেজ পর্যায়ে ২ লাখ ২৮ হাজার ৮১৩ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষায় অংশ নেন।
/এসটিও