রাজধানীতে নির্মাণাধীন ভবনে ওয়াসার পানির বিলের হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) নেতারা। একই সঙ্গে নির্মাণ ট্যারিফ নির্ধারণেরও দাবি জানিয়েছেন তারা।
শনিবার (২১ জুন) রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসার প্রধান কার্যালয়ে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহজাহান মিয়ার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এসব দাবি করেন রিহ্যাব নেতারা।
রিহ্যাব প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া, ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী আব্দুল লতিফ এবং পরিচালক মো. আইয়ূব আলী। বৈঠকে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন রিহ্যাব নেতারা।
নির্মাণ কাজের জন্য পৃথক ট্যারিফের দাবি : বর্তমানে ওয়াসা দুটি ট্যারিফ- আবাসিক ও বাণিজ্যিক প্রযোজ্য করে। কিন্তু নির্মাণাধীন প্রকল্পে পানি ব্যবহারের ধরন সম্পূর্ণ ভিন্ন হওয়ায় নির্মাণের জন্য একটি মধ্যবর্তী বা বিশেষ ট্যারিফ নির্ধারণের দাবি জানায় রিহ্যাব।
স্যুয়ারেজ সুবিধা না নিলেও বিল দ্বিগুণ : নির্মাণকালে অনেক খালি প্লটে স্যুয়ারেজ সংযোগ থাকে না বা পুরাতন লাইন বিচ্ছিন্ন থাকে। এ অবস্থায়ও স্যুয়ারেজ বিল আদায় অযৌক্তিক উল্লেখ করে শুধু পানির ব্যবহারের ভিত্তিতে বিল দেওয়ার পদ্ধতি চালুর দাবি জানানো হয়।
আবাসিকে রূপান্তর প্রক্রিয়ায় হয়রানি : নির্মাণ শেষে প্রকল্প আবাসিক ব্যবহারে গেলে ওয়াসা স্বয়ংক্রিয়ভাবে আবাসিক হিসেবে বিল ইস্যু না করে গ্রাহককে ছাদমাপ অনুযায়ী বিল ধরিয়ে হয়রানি করে থাকে- এ অভিযোগ তুলে এই প্রক্রিয়া বাতিলের অনুরোধ জানায় রিহ্যাব।
নিম্নমানের মিটার ও বিল দুর্নীতি : বর্তমানে ওয়াসার সরবরাহ করা মিটারগুলো ছয় মাস না যেতেই বিকল হয়ে যায়। এতে রিডিংম্যানরা বিল বেশি ধরিয়ে দেন বা অনৈতিক সুবিধার বিনিময়ে ইচ্ছামতো রিডিং দেন। এ দুর্নীতি বন্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।
ওয়াসার লাইনবিহীন এলাকায় বিল অবৈধ : যেসব এলাকায় ওয়াসার কোনো সংযোগ নেই, সেখানে সাবমার্সিবল পাম্প ব্যবহার করে নির্মাণকাজ চালালেও ওয়াসা মোটা অঙ্কের বিল ইস্যু করে। এসব বিল অনৈতিক ও অযৌক্তিক উল্লেখ করে বিল ইস্যু না করার নির্দেশনা চায় রিহ্যাব।
বৈঠকে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান মিয়া রিহ্যাবের দাবির বিষয়ে বলেন, ‘রিহ্যাবের উত্থাপিত দাবিগুলো ওয়াসার পরবর্তী বোর্ড মিটিংয়ের এজেন্ডায় অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া আরও কোনো দাবি থাকলে সেগুলো রিহ্যাব প্রতিনিধি ও ওয়াসার একজন দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তার মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।
সময়ের আলো/জেডআই