মুক্তিযুদ্ধের চেতনাকে পুঁজি করে আ. লীগ ফ্যাসিস্ট রূপ নিয়েছে: মির্জা গালিব

জবি প্রতিনিধি

শিক্ষা

আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে আজ ফ্যাসিস্ট রূপ ধারণ করেছে বলে মন্তব্য করেছেন হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড.

2025-07-17T17:49:55+00:00
2025-07-17T19:15:59+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
শিক্ষা
মুক্তিযুদ্ধের চেতনাকে পুঁজি করে আ. লীগ ফ্যাসিস্ট রূপ নিয়েছে: মির্জা গালিব
জবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৫:৪৯ পিএম  আপডেট: ১৭.০৭.২০২৫ ৭:১৫ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কনসোর্টিয়াম আয়োজিত “জুলাই বিপ্লব ও আগামীর বাংলাদেশ” শীর্ষক সেমিনারে বক্তৃতা দিচ্ছেন হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব। ছবি: সময়ের আলো
আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে আজ ফ্যাসিস্ট রূপ ধারণ করেছে বলে মন্তব্য করেছেন হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব।

বৃহস্পতিবার (১৭ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কনসোর্টিয়াম (আইআরডিসি) আয়োজিত “জুলাই বিপ্লব ও আগামীর বাংলাদেশ” শীর্ষক সেমিনারে প্রধান বক্তা হিসেবে তিনি এ কথা বলেন।

ড. মির্জা গালিব বলেন, ‘১৯৭১ সালের চেতনার ওপর দাঁড়িয়ে আওয়ামী লীগ যেভাবে ফ্যাসিবাদী ধারায় প্রবেশ করেছে, তেমনি ভবিষ্যতে জুলাই বিপ্লবের আদর্শকেও রাজনৈতিকভাবে ব্যবহার করে এনসিপি ফ্যাসিস্ট রূপ নিতে পারে।’

তিনি বলেন, ‘ছাত্র রাজনীতি যদি শুধুই মাসল পাওয়ার বা পেশিশক্তিনির্ভর হয়ে পড়ে, তবে তা বন্ধ করে দেওয়া উচিত। আদর্শবিহীন রাজনীতি ছাত্রসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়।’

তিনি দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান। ‘বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ— বাইরের কোনো শক্তি নয়,’ বলেন তিনি।


সেমিনারে ‘জুলাই বিপ্লব’কে জাতীয় রাজনীতিতে কেন্দ্রীয় গুরুত্বে আনার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘জুলাইয়ের পেছনে ফিরে যাওয়ার সুযোগ নেই। আমাদের সামনে এগোতে হবে এর ঘোষণাপত্রের ভিত্তিতে। কিছু রাজনৈতিক দল এখনো এই ঘোষণাপত্রের গুরুত্ব উপলব্ধি করতে পারেনি, যা দুঃখজনক।’

ড. গালিব বিচার বিভাগের স্বাধীনতা এবং নির্বাচন পদ্ধতির সংস্কার জরুরি বলেও মন্তব্য করেন। তিনি বলেন, ‘প্রত্যেক রাজনৈতিক দলকে নিজস্ব নেতৃত্ব নির্বাচন অভ্যন্তরীণ নির্বাচনের মাধ্যমে করতে হবে। মনোনয়ন ভিত্তিক নয়, গণতান্ত্রিক পদ্ধতিতে কমিটি গঠন করতে হবে।’

ভোটের সংস্কৃতি পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘মার্কা দেখে নয়, যোগ্যতা দেখে ভোট দেওয়ার সংস্কৃতি গড়ে তুলতে হবে। দেশের ভবিষ্যৎ রাজনীতি নির্ধারণে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, জুলাই আন্দোলনের শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ২০০৮ সালের নির্বাচন আমাদের মতে স্বচ্ছ ছিল না। বিভিন্ন সময়ে আমাদের সুযোগ এসেছে যা আমরা হারিয়েছি, সেখান থেকে শিক্ষা নিয়ে জুলাইয়ের সুযোগকে কাজে লাগাতে হবে। আমাদের মূলত ভালো শাসক, ভালো লোক ও ভালো নাগরিক দরকার, যাতে ভূমিকা রাখতে পারে আমাদের এডুকেশনাল ইনস্টিটিউশনগুলো।


এ সময় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন, অধ্যাপক ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান। 

তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান হলো রাজনৈতিক অনিবার্যতা। ৫২, ৭১ এর আন্দোলনের ধারাবাহিকতায় আমরা ২৪ জুলাইয়ের আরেকটি গণঅভ্যুত্থান দেখলাম। ২৪-এর নির্বাচনে বাঙালির ভোট দেওয়ার অধিকারকে হরণ করা হয়েছিল, তাই এর চূড়ান্ত পরিণতি হলো ২৪-এর জুলাই গণঅভ্যুত্থান। এই আন্দোলনের নেতৃত্বে ছিল যুবক, ছাত্র-ছাত্রী এবং নারীরা। এই আন্দোলনের হাত ধরে ফ্যাসিবাদ থেকে এ দেশ মুক্ত হয়েছে। আমরা গণতান্ত্রিক সমাজের উত্তরণ ঘটাতে চাই। এ আন্দোলনের সবারই মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদকে পতন করা। আগামীর বাংলাদেশে আমরা প্রচলিত ধারার রাজনীতির সংস্করণ চাই।’

তিনি দেশ সংস্করণ সম্পর্কে বলেন, ‘জুলাই বিপ্লবে আপনি অংশগ্রহণ করেছিলেন, এখন নতুন বাংলাদেশ গড়তে আপনাকে অংশগ্রহণ করতে হবে। যদি আমরা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার গড়তে পারি, তবে আমাদের চূড়ান্ত অর্জন সফল হবে।’

আইআরডিসির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও জবি প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমীন, জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন। এছাড়া এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

/এসটিও


  বিষয়:   মুক্তিযুদ্ধের চেতনা  আওয়ামী লীগ  ড. মির্জা গালিব  জগন্নাথ বিশ্ববিদ্যালয় 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: