ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের উদ্দেশ্যে ভারত থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিতে রাজধানীর বাড্ডা এলাকায় সড়ক অবরোধ করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।
বুধবার (৬ আগস্ট) সকাল ১১টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন দলটির নেতাকর্মীরা।
এদিন সকাল ১০টার দিকে জাতীয় প্রেস ক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিলটি ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের উদ্দেশে রওনা করে। পুলিশ তাদের গুলশান বাড্ডা লিংক রোড এলাকায় আটকে দিলে সেখানেই সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন জাগপার নেতাকর্মীরা।
পুলিশের অনুরোধে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি স্থগিত করে জাগপা। পরে দুপুর ১২টার দিকে সড়ক ছেড়ে দেয় নেতাকর্মীরা।
গত ৩০ জুন শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার প্রতিবাদে ও তাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচির ঘোষণা করেছিল জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।
প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা।
সময়ের আলো/এসটিও