রাজধানী ঢাকায় প্রতিদিনই বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায়। রোববার (১২ অক্টোবর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
স্বাস্থ্য উপদেষ্টার কর্মসূচি : আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় সকাল ৯টায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম।
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার কর্মসূচি : রেসিডেন্সিয়াল মডেল কলেজে সকাল ৯টায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কর্মসূচি : ডিআরইউ মিলনায়তনে জাতীয়তাবাদী সমমনা জোট শীর্ষ সংগঠন ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক মরহুম সাইফুদ্দিন মনির দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে সকাল ১০টা স্মরণ সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জামায়াতে ইসলামীর কর্মসূচি : জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে ধারাবাহিক আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টা ৩০ মিনিট বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হবে। এ কর্মসূচিতে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলনসহ কেন্দ্রীয় ও মহানগরী এবং ঢাকা জেলার নেতারা।
স্থানীয় সরকার উপদেষ্টার কর্মসূচি : ওসমানী উদ্যান প্রাঙ্গণে বিকাল ৩টায় ২০২৪ সালে ছাত্র-জনতার জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণে নির্মিতব্য ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ এর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
ইসলামী আন্দোলনের কর্মসূচি : ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন, গণহত্যার বিচার, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং ফ্যাসিবাদের দোসরদের বিচারের দাবিতে রোববার বেলা দুপুর ১২ থেকে ১ টার মধ্যে সারাদেশের সব জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হবে।
ফয়েজ আহমদ তৈয়্যবের কর্মসূচি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ প্রণীত ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’, ‘জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ এবং ‘সাইবার সুরক্ষা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ সম্প্রতি উপদেষ্টা পরিষদ সভায় নীতিগতভাবে অনুমোদিত হওয়া বিষয়ক অবহিতকরণ সভা হবে আইসিটি বিভাগের সম্মেলন কক্ষে। সকাল ১০টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
এছাড়া ৪৮তম বিসিএস (বিশেষ) নিয়োগ প্রত্যাশী সাধারণ চিকিৎসক ফোরাম কর্তৃক দেশের বর্তমান স্বাস্থ্যব্যবস্থার ভঙ্গুর অবস্থা নিরসন এবং ১২ হাজার ৯৮০টি শূন্য চিকিৎসক পদে দ্রুততম সময়ে সর্বোচ্চ সংখ্যক উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ প্রদান- এই যৌক্তিক দাবিতে একটি বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন আয়োজন করা হয়েছে। রোববার বেলা সোয়া ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এটি অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন (সংহতি প্রকাশপূর্বক):- নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বীর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা জনাব আব্দুস সালাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, গণসংহতি আন্দোলনের সভাপতি জুনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমান, জাতীয়তাবাদী তাঁতি দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ডা. কাজী মনিরুজ্জামান মনির, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ও এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।
অন্যদিকে দুই দাবি আদায়ে আজ থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এতে সারা দেশ থেকে হাজার হাজার শিক্ষকের যোগ দেওয়ার কথা রয়েছে।
সময়ের আলো/জেডআই