জীবনানন্দ দাশের প্রয়াণ দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

সাহিত্য

জীবনানন্দ দাশ কবি, শিক্ষাবিদ। ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন। তাদের আদি নিবাস ছিল বিক্রমপুরের গাওপাড়া গ্রামে। পিতা সত্যানন্দ

2025-10-22T10:44:23+00:00
2025-10-22T10:45:08+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সাহিত্য
জীবনানন্দ দাশের প্রয়াণ দিবস আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ১০:৪৪ এএম  আপডেট: ২২.১০.২০২৫ ১০:৪৫ এএম
জীবনানন্দ দাশ। ফাইল ছবি
জীবনানন্দ দাশ কবি, শিক্ষাবিদ। ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন। তাদের আদি নিবাস ছিল বিক্রমপুরের গাওপাড়া গ্রামে। পিতা সত্যানন্দ দাশ ছিলেন স্কুলশিক্ষক ও সমাজসেবক। তিনি ব্রহ্মবাদী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। মাতা কুসুমকুমারী দাশ ছিলেন একজন কবি।

জীবনানন্দ দাশ বরিশাল ব্রজমোহন স্কুল থেকে ম্যাট্রিক, বিএম কলেজ থেকে আইএ এবং কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে অনার্সসহ বিএ ও ইংরেজিতে এমএ পাস করেন। 

জীবনানন্দ দাশ কলকাতা সিটি কলেজে ১৯২২ সালে ইংরেজি সাহিত্যে অধ্যাপনা শুরু করেন। ১৯২৯ সালে তিনি সদ্য প্রতিষ্ঠিত বাগেরহাট প্রফুল্লচন্দ্র কলেজে যোগ দেন কিন্তু কিছু দিন পর চাকরি ছেড়ে কলকাতায় চলে যান। ওই বছরই তিনি দিল্লির রামযশ কলেজে যোগ দেন এবং ১৯৩০ সালে আবার দেশে প্রত্যাবর্তন করেন। তিনি ১৯৩৫ সালে বরিশালের বিএম কলেজে যোগদান করেন। এভাবে তার কর্মজীবন বিভিন্ন কলেজে অধ্যাপনায় এবং মাঝেমধ্যে অন্য পেশায় অতিবাহিত হয়। ১৯৪৭ সালে দেশ বিভাগের কিছু আগে তিনি সপরিবারে কলকাতা চলে যান।

জীবনানন্দ দাশ ছিলেন বাংলা কাব্যান্দোলনে রবীন্দ্রবিরোধী তিরিশের কবিতা নামে খ্যাত কাব্যধারার অন্যতম কবি। পাশ্চাত্যের মডার্নিজম ও প্রথম বিশ্বযুদ্ধ-পরবর্তী বঙ্গীয় সমাজের বিদগ্ধ মধ্যবিত্তের মনন ও চৈতন্যের সমন্বয় ঘটে ওই কাব্যান্দোলনে।


জীবনানন্দের কাব্যচর্চার শুরু অল্পবয়স থেকেই। স্কুলে ছাত্রাবস্থায় তার প্রথম কবিতা ‘বর্ষ-আবাহন’ ব্রহ্মবাদী পত্রিকায় প্রকাশ হয়। মূলত কবি হলেও তিনি অসংখ্য ছোটগল্প, কয়েকটি উপন্যাস ও প্রবন্ধগ্রন্থ রচনা করেন। তার প্রথম কাব্যগ্রন্থ ঝরাপালক প্রকাশ হয় ১৯২৭ সালে। তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলো হচ্ছে—ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা। 

ঔপন্যাসিক ও গল্পকার হিসেবে জীবনানন্দের স্বতন্ত্র প্রতিভা ও নিভৃত সাধনার উন্মোচন ঘটে মৃত্যুর পরে প্রাপ্ত অসংখ্য পাণ্ডুলিপিতে। উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে—মাল্যবান, সুতীর্থ, জলপাইহাটি, জীবনপ্রণালি, বাসমতীর উপাখ্যান ইত্যাদি। তার রচিত গল্পের সংখ্যা দুই শতাধিক। ‘কবিতার কথা’ নামে তার একটি মননশীল ও নন্দনভাবনামূলক প্রবন্ধগ্রন্থ আছে। তিনি ভারত সরকারের সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। ১৯৫৪ সালের ২২ অক্টোবর দুর্ঘটনায় তিনি মারা যান।

আরআর


  বিষয়:   জীবনানন্দ দাশ  প্রয়াণ  কবি  সাহিত্য 


Loading...
Loading...
সাহিত্য- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: