রাজধানীর রমনায় সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চের সামনে শুক্রবার (৭ নভেম্বর) রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে, এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রাত পৌনে ১১টার দিকে এ বিস্ফোরণটি ঘটে।
গির্জার কর্তৃপক্ষ জানায়, শনিবার সকালে একটি ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা ছিল। ওই সময়ের ঠিক আগের রাত ১০টা ৪৫ মিনিটে গির্জার বাইরে একটি ককটেল বিস্ফোরিত হয়।
এছাড়া, আরেকটি ককটেল গির্জার ভেতরে নিক্ষেপ করা হলেও তা বিস্ফোরিত হয়নি এবং পরে পুলিশ তা উদ্ধার করে।
সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চের পাল পুরোহিত ফাদার আলবার্ট রোজারিও বলেছেন, ‘শনিবার অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ৬০০ অতিথি উপস্থিত হওয়ার কথা ছিল। ককটেল বিস্ফোরণের ঘটনায় কাউকে আঘাত করা হয়নি। আমরা পুলিশকে অবগত করেছি এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম জানিয়েছেন, ‘দুটি ককটেল গির্জার দিকে নিক্ষেপ করা হয়েছিল। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে এবং অপরটি পুলিশ উদ্ধার করেছে।’
তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ তদন্ত ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
এ ঘটনার পর গির্জার আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে।
এএডি/