দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সায়নী ঘোষ। রামকমল মুখার্জির নতুন সিনেমা ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’-এর মাধ্যমে তিনি ফিরছেন অভিনয়ে। তবে সায়নীর ভাষায়, ‘এটা প্রত্যাবর্তন নয়, বরং এক নতুন অভিজ্ঞতার যাত্রা।’
সম্প্রতি ছবিটির প্রথম গান ‘সোনা বন্ধু রে’ মুক্তি পেয়েছে, কণ্ঠ দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী গায়িকা ইমন চক্রবর্তী। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২১ নভেম্বর।
ছবিটিতে সায়নীর সঙ্গে অভিনয় করেছেন কৌশিক গাঙ্গুলি, ঋতুপর্ণা সেনগুপ্ত, পাওলি দাম, রাজনন্দিনী পাল এবং চান্দ্রেয়ী ঘোষ।
ছবিতে সায়নী অভিনয় করেছেন ‘সরস্বতী’ নামের এক গৃহকর্মীর ভূমিকায়। চরিত্রটি নিয়ে তিনি বলেন, ‘আমাদের বাড়িতে যে দিদিরা কাজ করেন, তাদের জীবন থেকেই এই গল্পের অনুপ্রেরণা এসেছে। সমাজের যে অংশ আমাদের প্রতিদিনের জীবনের অপরিহার্য অংশ, তাদের চোখ দিয়ে গল্প বলা- এটাই এই সিনেমার বিশেষত্ব।’
আরও পড়ুন
সায়নী মনে করেন, এই চরিত্রে অভিনয় করা তার জন্য অভিনয়ের বাইরেও এক মানবিক অভিজ্ঞতা।
বর্তমানে সায়নী তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনীতিতে সক্রিয় হওয়ার পর অভিনয়ে তাকে খুব একটা দেখা যায়নি। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকে মনে করেন, অভিনেত্রীরা রাজনীতিতে আসেন কেবল পরিচিতি বাড়ানোর জন্য। আমি বিশ্বাস করি, আমি সেই ধারণা ভাঙতে পেরেছি। রাজনীতি আমার কাছে দায়িত্ব ও মানুষের পাশে থাকার অঙ্গীকার।’
এএডি/