ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেছেন, আমরা যে ৩৬টা ইশতেহার দিয়েছি ইতোমধ্যে অনেকগুলো নিয়ে কাজ করছি। আমরা ইশতেহারের চেয়ে পাঁচগুণ বেশি কাজ করব।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে ডাকসুর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সকল কমনরুমের নামাজের স্থানে, মসজিদ ও লাইব্রেরির সংরক্ষিত স্থানে কার্পেট প্রদান নিয়ে ডাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ডাকসুর ভিপি বলেন, আমরা মূলত পলিসিগত জায়গায় কাজ করছি, যেন কেউ ভবিষ্যতে আর বিশ্ববিদ্যালয়কে পিছিয়ে নিয়ে যেতে না পারে।
সাদিক কায়েম বলেন, আমরা মসজিদ ও মেয়েদের কমনরুমগুলোতে কার্পেট দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি, এ কাজে আমাদের সহযোগিতা করেছে ইনসাফ। ৫ আগস্টের পর আমরা যতগুলো উদ্যোগ নিয়েছি, সবকটিই সফলভাবে সম্পন্ন হয়েছে। আমরা এ ধরনের কল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখব।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদের আমলে মসজিদ ও মেয়েদের কমনরুমগুলো সবচেয়ে বেশি অবহেলিত ছিল। শিক্ষার্থীদের স্বাস্থ্যের নিরাপত্তার জন্য আমরা মেডিকেল সেন্টারে আধুনিক যন্ত্রপাতি বাড়ানোর উদ্যোগ নিচ্ছি। সেখানে যে সিন্ডিকেট তৈরি হয়েছে তা ভেঙে দেওয়ার কথাও বলেছেন তিনি।
এসকে/