ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশসহ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার (১২ ও ১৩ নভেম্বর) সশরীরে ক্লাস স্থগিত রেখে অনলাইনে কার্যক্রম চালানোর ঘোষণা দিয়েছে। যদিও বিশ্ববিদ্যালয়গুলো আনুষ্ঠানিকভাবে এর কোনও কারণ জানায়নি।
তবে আগামীকাল ১৩ নভেম্বর, বৃহস্পতিবার আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি এবং অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ক্লাস স্থগিত করেছে।
আগামীকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় কবে হবে, তা ঘোষণা করা হবে।
এর আগে, গত ১১ নভেম্বর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এক বিজ্ঞপ্তিতে জানায়, 'অনিবার্য কারণে' ১২ ও ১৩ নভেম্বর সব ক্লাস অনলাইনে অনুষ্ঠিত হবে। এই সময়ে পূর্বনির্ধারিত কোনও পরীক্ষাও নেওয়া হবে না এবং শিক্ষকদের সুবিধামতো সময়ে পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করতে বলা হয়। বুধবার অফিস খোলা থাকলেও ১৩ নভেম্বর কর্মকর্তা-কর্মচারীরা বাসা থেকে কাজ করবেন।
একইভাবে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ জানিয়েছে, ১২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের ক্যাম্পাসে সব ক্লাস অনলাইনে চলবে। গতকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বাস চলাচলও বন্ধ রাখা হয়েছে।
গত তিন দিনে ঢাকা, গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত ১১ নভেম্বর ময়মনসিংহে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় একজনের মৃত্যু ও দুজন গুরুতর আহত হন। এ ছাড়া, ঢাকা ও এর বাইরের কয়েকটি স্থানে ককটেল ও পেট্রল বোমা বিস্ফোরণের খবরও পাওয়া গেছে।
সময়ের আলো/এনএ