সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণাকে ঘিরে সম্ভাব্য নাশকতা ও অপতৎপরতা রুখে দিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অবস্থান কর্মসূচি শুরু করেছে শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) আহ্বানে বুধবার (১২ নভেম্বর) রাত ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে এই কর্মসূচি শুরু হয়।
জাকসুর নেতারা জানিয়েছেন, বৃহস্পতিবার রায় ঘোষণার আগ পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলবে। এতে আবাসিক হলগুলোর ছাত্র সংসদগুলো সমন্বিতভাবে অংশ নিচ্ছে।
বুধবার (১২ নভেম্বর) গভীর রাতে সরেজমিনে দেখা যায়, প্রধান ফটকে অবস্থান নিয়েছেন জাকসু নেতৃবৃন্দ ও জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার সদস্যরা। এরই সাথে বিশমাইল ফটকে মওলানা ভাসানী হল সংসদ, সিএন্ডবি ফটকে মীর মশাররফ হোসেন হল সংসদ, প্রান্তিক ফটকে ১০ নম্বর হল সংসদ, ইসলামনগর ফটকে আল বেরুনী, আ ফ ম কামাল উদ্দিন ও কাজী নজরুল ইসলাম হলের শিক্ষার্থীরা, গেরুয়া ফটকে অবস্থান নিয়েছেন শহীদ রফিক-জব্বার হলের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন।
এ সময় শিক্ষার্থীদের অনেককে অবস্থানকালে আড্ডা দিতে, ক্রিকেট খেলতে ও গান গাইতে দেখা গেছে।
আরও পড়ুন
জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ‘নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা শিক্ষার্থীরা সেই অপচেষ্টা সফল হতে দেব না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাদের যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে সতর্ক অবস্থানে আছে।’
অন্যদিকে জাকসুর সভাপতি আব্দুর রশিদ জিতু সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্ত এখনো শুকায়নি। পরাজিত শক্তিরা নতুন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। কিন্তু আমরা প্রস্তুত- তাদের অপচেষ্টার দাতভাঙা জবাবই হবে আমাদের উত্তর।’
শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের এই অবস্থান কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার উদ্দেশ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এএডি/