ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করলেও এতদিন যেন একই বৃত্তে বন্দি ছিলেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। কারণ তিনি যেসব নাটক-সিনেমায় অভিনয় করেছেন, তার প্রায়গুলোই সিরিয়াস ঘরানার সিনেমা। তবে এবার সেই বৃত্ত ভাঙলেন এই অভিনেত্রী।
কাজল আরেফিন অমি পরিচালিত বহুল আলোচিত কমেডি ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ যুক্ত হলেন তিনি। তবে নাটকে তার চরিত্র নিয়ে অভিনেত্রী ও নির্মাতা দুজনের কেউই কিছু প্রকাশ করেননি।
অমি জানিয়েছেন, স্পর্শিয়ার চরিত্রটি হবে দর্শকদের জন্য বিশাল চমক। এর আগে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে চমকের বিষয়টি ইঙ্গিত দিয়েছিলেন তিনি। তখন তার পোস্টে ছবিতে মুখ দেখা যায়নি অভিনেত্রীর। এবার সেই রহস্য উন্মুক্ত হলো গত বৃহস্পতিবার সন্ধ্যায়। কাজল আরেফিন অমি পোস্টার প্রকাশ করে জানালেন, ‘ব্যাচেলর পয়েন্ট’র নতুন চমক হচ্ছেন স্পর্শিয়া।’
এ প্রসঙ্গে অভিনেত্রী স্পর্শিয়া বলেন, কয়েক বছর ধরে সিরিয়াস জনরায় বেশি কাজ করা হচ্ছিল। তাই চাচ্ছিলাম সেখান থেকে বের হয়ে কিছুটা ফান-কমেডি বা কালারফুল কিছু করার জন্য। যাতে দর্শকদের সঙ্গে আরও বেশি কানেকট হওয়া যায়। এ অবস্থায় ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে যখন ফোন আসে, তখন হ্যাঁ বলে দেই। এ ছাড়া এটি তো এখন একটি ব্র্যান্ড, সবার কাছেই জনপ্রিয়। এর আগে অমি ভাইয়ের সঙ্গে কখনো কাজ করা হয়নি আমার। তিনি একজন মেধাবী নির্মাতা। আর সব শিল্পীই ভালো ডিরেক্টরের সঙ্গে কাজ করতে চান। আশা করছি আমাদের কোলাবরেশনে স্ট্রং কিছু হবে।
সর্বশেষ ৪ মাস আগে লাইট-ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন স্পর্শিয়া। এরপর তিনি ছিলেন পুরোপুরি আড়ালে। না ছোটপর্দায়, না বড়পর্দায়। কোথাও দেখা যায়নি তাকে। অসুস্থ হয়ে করিয়েছেন অস্ত্রোপচার। অবশেষে সুস্থ হয়ে মঙ্গলবার অংশ নেন একটি ওয়েব সিরিজের শুটিংয়ে। হাসপাতালে চিকিৎসাধীন থাকার কারণে এই এতদিন আটকে ছিল এর কাজ।
২০১১ সালে বিজ্ঞাপন দিয়ে শোবিজে যাত্রা শুরু স্পর্শিয়ার। ‘আমাদের দেশটা স্বপ্নপুরী’ শিরোনামের সেই বিজ্ঞাপনচিত্রে কাজ করে দর্শকের নজর কাড়েন তিনি। নাটকের পাশাপাশি অভিনয় করেছেন চলচ্চিত্রে।
শাকিব খানের সঙ্গে ‘নবাব এলএলবি’, আসাদুজ্জামান আবীরের সঙ্গে ‘কাঠবিড়ালী’, তারিক আনাম খানের সঙ্গে ‘আবার বসন্ত’সহ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি। ওটিটিতেও অভিষেক ঘটেছে স্পর্শিয়ার।
সময়ের আলো/জেডআই