ঢালিউড মেগাস্টার শাকিব খানের সাথে প্রথমবার বড়পর্দায় অভিনয় করতে যাচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। এই বছরের সবচেয়ে আলোচিত অ্যাকশন-থ্রিলার সিনেমা ‘সোলজার’ দিয়ে সিনেমায় অভিষেক হতে যাচ্ছে তার।
সোমবার (১৭ নভেম্বর) ‘সোলজার’ সিনেমার অফিশিয়াল ফেসবুক পেজে তানজিন তিশার প্রথম লুক পোস্টার প্রকাশিত হয়েছে, যা দেখে নেটিজেনদের মধ্যে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। পোস্টারে তিশার দৃঢ় এবং আত্মবিশ্বাসী উপস্থিতি স্পষ্টভাবে ফুটে উঠেছে। ক্যামেরা হাতে, শক্ত মনোবল এবং দৃঢ়তা দেখানো তার চোখে-মুখে এক নির্ভীক নারীর প্রতিচ্ছবি প্রকাশ পাচ্ছে। পোস্টারের চারপাশে ভাসমান দাবার গুটি গুলো তার চরিত্রের মানসিক দৃঢ়তার প্রতীক হিসেবে দেখানো হয়েছে।
তিশার ফার্স্ট লুক প্রকাশের পর নেটিজেনরা মন্তব্যে ভরিয়ে দিয়েছেন। কেউ লিখেছেন, ‘এটা কি সাংবাদিকের চরিত্র?’ আবার কেউ লিখেছেন, ‘তিশা কি সাংবাদিক চরিত্রে অভিনয় করছেন?’ তবে কিছু ভক্ত ফার্স্ট লুক পোস্টারটি হঠাৎ করেই প্রকাশের কারণে কিছুটা ক্ষুব্ধ। তাদের মধ্যে এক ভক্ত ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করেছেন, ‘ঈদের বাইরে ছবির লুক প্রকাশ করা হচ্ছে, এভাবে হুটহাট লুক প্রকাশ করার কী মানে? এটি এক ধরনের আনপ্রফেশনালিজম।’
আরও পড়ুন
এদিকে, ‘সোলজার’ সিনেমাটি প্রযোজনা করেছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড এবং পরিচালনা করেছেন সাকিব ফাহাদ। সিনেমার শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে এবং ঈদকেন্দ্রিক মুক্তির ধারা ভেঙে নির্মাতা জানিয়েছেন, সিনেমাটি অন্য সময়ে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। তানজিন তিশা ছাড়াও এই সিনেমায় শাকিব খান, তারিক আনাম খান, তৌকীর আহমেদ, জান্নাতুল ফেরদৌস ঐশীসহ আরও অনেক জনপ্রিয় অভিনয়শিল্পী রয়েছে।
‘সোলজার’ নিয়ে তাই এখন দারুণ উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং তানজিন তিশার প্রথম লুকটি তার অভিনয়শক্তির একটি নতুন দিক তুলে ধরেছে।
এএডি/