দীর্ঘ ৩৫ বছরের অপেক্ষা শেষে সম্মানসূচক অস্কার জিতলেন হলিউডের কিংবদন্তী অভিনেতা টম ক্রুজ। ‘মিশন ইম্পসিবল’ খ্যাত এই তারকা প্রথমবার নিজের ঝুলিতে ভরলেন একাডেমি অ্যাওয়ার্ড।
চার দশকের ক্যারিয়ারে এটি অন্যতম বড় অর্জন টমের। এ পর্যন্ত চারবার মনোনয়ন পেলেও একবারও প্রতিযোগিতামূলক অস্কার জিততে পারেননি তিনি।
চলতি বছর এ সম্মান আরও পেয়েছেন কোরিওগ্রাফার ও অভিনেত্রী ডেবি অ্যালেন এবং প্রোডাকশন ডিজাইনার উইন থমাস। এ ছাড়া সংগীতশিল্পী ও মানবাধিকারকর্মী ডলি পার্টন পান জিন হারশল্ট মানবিকতা পুরস্কার। তবে স্বাস্থ্যগত কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
যদিও অস্কারটি ঝুঁকিপূর্ণ স্টান্টের জন্য নয়, চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন তিনি।
চলতি বছরের জুন মাসেই অস্কার একাডেমি ঘোষণা করেছিল যে গভর্নরস অ্যাওয়ার্ডসে টম ক্রুজকে সম্মানসূচক অস্কার দেওয়া হবে। সেই ঘোষণা অনুযায়ী, রোববার (১৬ নভেম্বর) দিবাগত রাতে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে আয়োজিত গভর্নরস অ্যাওয়ার্ডের জমকালো মঞ্চে প্রখ্যাত মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো ইনারিতু এই কিংবদন্তী অভিনেতার হাতে সম্মানসূচক অস্কার তুলে দেন।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘সিনেমা আমাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। ভিন্ন বিষয়কে উপলব্ধি করা ও সম্মান করতে এটি আমাকে সাহায্য করে। পৃথিবীর যেখান থেকেই আমরা আসি না কেন, থিয়েটারে আমরা একসঙ্গে হাসি, একসঙ্গে অনুভব করি, একসঙ্গে স্বপ্ন দেখি। আর এটাই এই শিল্পের শক্তি। এ কারণেই এটি গুরুত্বপূর্ণ, এ কারণেই এটি আমার কাছে অর্থবহ। ফলে চলচ্চিত্র তৈরি করা শুধু আমার কাজ নয়, আমি কে এটি তারই অংশ।’
সময়ের আলো/এআর