৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি পুনর্নির্ধারণের দাবিতে সকাল সাড়ে এগারোটায় রেলপথ অবরোধ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ সাড়ে আট ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করেন শিক্ষার্থীরা। জনদুর্ভোগের কথা চিন্তা করে রাত আটটার দিকে অবরোধ প্রত্যাহার করে রেললাইনে অবস্থান কর্মসূচি থেকে সরে আসেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
রোববার (২৩ নভেম্বর) ৪৭তম বিসিএস পরীক্ষার সময় পরিবর্তনের দাবিতে বাকৃবিতে দ্বিতীয় দিনের মতো রেলপথ অবরোধ করা হয়। সকাল সাড়ে ১১টায় বাকৃবির জব্বারের মোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে এই অবরোধ শুরু হয়। টানা সাড়ে আট ঘণ্টার অবরোধ ট্রেন চলাচল বন্ধ থাকায় বিভিন্ন স্টেশনে আটকে পড়েন ৬টি ট্রেনের সহস্রাধিক যাত্রী।
এর মাঝে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, জেলা প্রশাসন ও রেলওয়ে পুলিশের প্রতিনিধিবৃন্দের আলোচনা চলমান থাকে। অবশেষে রাত আটটার দিকে রেলপথ থেকে নিজেদের সরিয়ে নেন শিক্ষার্থীরা। জনদুর্ভোগের কথা চিন্তা করেই অবরোধ প্রত্যাহার করা হয়েছে বলে জানান শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমাদের আন্দোলন বিসিএসের লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে যৌক্তিক সময় প্রদানের দাবিতে। আমরা অনেক দিন ধরে এই দাবি জানিয়ে আসছি। কিন্তু পিএসসি আমাদের দাবি গ্রাহ্য করছে না। তাই আমরা বাধ্য হয়ে রেলপথ অবরোধের কর্মসূচি পালন করি। তবে জুন দুর্ভোগের কথা বিবেচনা করে আজকের মতো আন্দোলন প্রত্যাহার করা হয়েছে। তবে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো। দাবি আদায়ে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।
এর আগে, গতকাল ২২ নভেম্বর বিকেল ৫টায় একই দাবিতে একই স্থানে রেল অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং ময়মনসিংহের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি ট্রেন আটকে পড়ে। পরে রাত ৮টার দিকে বিসিএস পরীক্ষার প্রবেশপত্র পুড়িয়ে প্রতীকী প্রতিবাদ জানিয়ে রাত আটটার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
সময়ের আলো/জেডআই