গায়িকা, সুরকার ও অভিনেত্রী- তিন ভূমিকায়ই নিজের দক্ষতা প্রমাণ করেছেন জেফার রহমান। প্লেব্যাক থেকে মৌলিক গান কিংবা অভিনয়- সব ক্ষেত্রেই রয়েছে তার সফল পদচারণা। তবে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় ব্যক্ত করলেন অভিমান ও হতাশা।
৩ মিনিট ৩৩ সেকেন্ডের সেই ভিডিওতে জেফার জানান, দীর্ঘদিনের জমে থাকা কিছু বিষয় অবশেষে প্রকাশ করার প্রয়োজনীয়তা তিনি অনুভব করেছেন। শুরুতেই বলেন, ‘অনেকেই মনে করেন আমি শুধু গান করি, সেটাও স্বাভাবিক। কারণ পর্দার আড়ালে আমরা কতটা কাজ করি, তা দেখানোর সুযোগ হয় না।’
জেফার আরও বলেন, তিনি কেবল কণ্ঠশিল্পী নন; গান লেখা, সুর করা, মিউজিক ভিডিওর পরিকল্পনা থেকে শুরু করে পুরো প্রজেক্ট পরিচালনা-সবকিছুতে তার সরাসরি সম্পৃক্ততা থাকে। ‘আমার গানের ৯০ শতাংশই আমি সুর করেছি। লিরিক্সেও জড়িত ছিলাম,’-যোগ করেন তিনি।
আরও পড়ুন
তারপরও গান প্রকাশের পর যখন নিজের পরিশ্রম ও অবদান যথাযথভাবে মূল্যায়িত হয় না, তখন তিনি আঘাত পান। ‘প্রশংসা যেমন আসে, গালিও সহ্য করতে হয়। কিন্তু যখন দেখি মানুষ গানের পেছনে যে শ্রম আছে, সেটা বোঝে না-তখন কষ্ট হয়। সম্প্রতি এটা আরও বেশি অনুভব করছি,’ বলেন জেফার।
ভিডিও বার্তার শেষ অংশে তিনি শিল্পীদের প্রতি শ্রোতা-দর্শকদের আরও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানান। বিশেষ করে নারী শিল্পীদের প্রতি সমর্থন ও ইতিবাচক মনোভাবের অনুরোধ করেন।
জেফারের কথা, ‘দয়া করে আপনারা শিল্পীদের, বিশেষ করে নারী শিল্পীদের একটু সাপোর্ট করুন। সামাজিক নানা বাধা পেরিয়ে আমরা কাজ করি। আপনাদের পাশে থাকাটাই আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি দেয়।’
এএডি/