সাম্প্রতিক মিস ইউনিভার্স প্রতিযোগিতা শেষ হওয়ার পরও বিতর্ক থামছে না। এর মধ্যেই প্রতিযোগিতার সহ-মালিক ও থাই ব্যবসায়ী অ্যান জাকাপং জাকরাজুততিপকে নিয়ে নতুন ঝড় উঠেছে। থাইল্যান্ডের একটি আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদসংস্থা এপি।
বুধবার (২৬ নভেম্বর) ব্যাংকক দক্ষিণ জেলা আদালত তার অনুপস্থিতির কারণে পরোয়ানা জারি করে। মঙ্গলবার আদালতে হাজির হওয়ার কথা থাকলেও তিনি উপস্থিত হননি। আদালতের বিবৃতিতে বলা হয়েছে, অনুপস্থিতির বিষয়ে কোনো ব্যাখ্যাও দেননি তিনি- ফলে তাকে পলাতক ধরে ব্যবস্থা নেওয়া হয়েছে।
অ্যান জাকাপংয়ের বিরুদ্ধে প্রায় ৯ লাখ ৩০ হাজার মার্কিন ডলার আত্মসাৎ ও জালিয়াতির অভিযোগ রয়েছে। ২০২৩ সালে তিনি এই মামলায় জামিনে মুক্তি পেয়েছিলেন।
আরও পড়ুন
অভিযোগ অনুযায়ী, জেকেএন গ্লোবাল গ্রুপে বিনিয়োগ সংক্রান্ত তথ্য গোপন ও প্রতারণার অভিযোগ এনে এক প্লাস্টিক সার্জন মামলা করেন। এই মামলাতেই নতুন গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। পরবর্তী রায় ঘোষণার দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ ডিসেম্বর।
এ বছরের মিস ইউনিভার্স আয়োজন ঘিরেও বিভিন্ন অভিযোগ ওঠে- যার মধ্যে আয়োজকদের প্রতি ক্ষোভ, যৌনতাবাদ এবং ব্যবস্থাপনা নিয়ে নানা সমালোচনা ছিল। প্রতিযোগিতায় মিস মেক্সিকো বিজয়ী ঘোষণার পর জাকাপংকে ঘিরে বিতর্ক আরও বাড়ে। কারণ প্রতিযোগিতাটির সহ-মালিক জেকেএন গ্লোবাল গ্রুপ তার মালিকানাধীন।
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন থাকাকালীন দীর্ঘ সময় মিস ইউনিভার্স পরিচালিত হয়। ২০২২ সালে অ্যান জাকাপংয়ের জেকেএন গ্লোবাল গ্রুপ প্রায় ২০ মিলিয়ন ডলারে এটি কেনে। পরে তারা অর্ধেক শেয়ার ১৬ মিলিয়ন ডলারে মেক্সিকোর লেগ্যাসি হোল্ডিং গ্রুপ ইউএসএর কাছে বিক্রি করে।
এএডি/