ভারতীয় অভিনেত্রী রুক্মিণী মৈত্র সম্প্রতি বেশ আলোচনায় রয়েছেন। কলকাতার পরিচিত মুখটি, যিনি অনেকদিন ধরে মুম্বাইয়ে যাতায়াত করছেন বলে গুঞ্জন ছিল, অবশেষে সেসব জল্পনা উড়িয়ে দিয়েছেন। বর্তমানে তিনি কলকাতাতেই অবস্থান করছেন এবং আসন্ন সিনেমা ‘হাঁটি হাঁটি পা পা’ এর প্রচারণায় ব্যস্ত রয়েছেন।
মুম্বাই নিয়ে চলা আলোচনা প্রসঙ্গে রুক্মিণী জানান, তার মুম্বাই যাতায়াতের ইতিহাস অনেক পুরনো। ছোটবেলায় বাবা তার কাছে একটি শর্ত রেখেছিলেন- যদি সে পরীক্ষায় ভালো ফল করে, তাহলে মুম্বাই নিয়ে গিয়ে তার পছন্দের জিনিস কিনে দেবেন। এভাবেই মুম্বাইয়ের সঙ্গে তার সম্পর্ক শুরু, যা এখনো অব্যাহত।
বর্তমানে ‘হাঁটি হাঁটি পা পা’ সিনেমার প্রচারণা চালাতে গিয়ে বারবার তার বাবাকে হারানোর শোক তাকে স্মৃতিকাতর করে তুলছে। ২০১৭ সালে বাবার মৃত্যু ঘটে এবং সে সময় থেকেই মা মধুমিতা মৈত্র রুক্মিণী ও তার ভাই রাহুলের জীবনে একমাত্র ভরসা হয়ে দাঁড়ান। এই সিনেমার গল্পও রুক্মিণীকে তার মায়ের একাকীত্ব নিয়ে নতুন করে ভাবিয়ে তুলেছে। তিনি বলেন, ‘আমরা অনেক সময় ভুলে যাই যে বাবা-মা হওয়ার আগে তারা নিজের জীবনও যাপন করেছেন, তাদেরও কিছু চাওয়া থাকে। মায়ের হয়তো মাঝে মাঝে একা লাগে, কিন্তু সবকিছু কি তিনি আমার সাথে ভাগ করতে পারেন? তাদেরও সঙ্গীর প্রয়োজন হতে পারে।’
আরও পড়ুন
আজকাল সোশ্যাল মিডিয়ার কল্যাণে জনসাধারণের মনোভাব অনেক সহজেই প্রকাশ পায়, তবে রুক্মিণী এসব নিয়ে খুব একটা ভাবেন না। তিনি বলেন, ‘ইতিবাচক মন্তব্যের মাঝে কিছু নেতিবাচক কথাবার্তা আসবেই। তবে আমি সেগুলোর দিকে মনোযোগ দিই না। আমি শুধু ভালো দিকগুলো দেখতে চাই। এবং, মনে রাখবেন, আমি মেয়ে হতে পারি, কিন্তু বোকা নই।’
এ বছর রুক্মিণীর জন্য একটি বড় বাঁকবদল ছিল। বছরের শুরুতেই ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’ দিয়ে নিজের অভিনয় দক্ষতা তুলে ধরেছিলেন, আর এখন ‘হাঁটি হাঁটি পা পা’ সিনেমার মাধ্যমে তার ক্যারিয়ার নতুন দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি তার ক্যারিয়ারের এই পরিবর্তন নিয়ে আশাবাদী এবং সামনে আরও ভালো কাজ করার পরিকল্পনা করছেন।
এএডি/