জকসু নির্বাচন ২২ ডিসেম্বরেই চায় সব প্যানেল

জবি প্রতিনিধি

শিক্ষা

ভূমিকম্পের পর পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন আয়োজনের দাবিতে একসুরে

2025-11-27T23:01:50+00:00
2025-11-27T23:01:50+00:00
 
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ১০ জুন ২০২৬
শিক্ষা
জকসু নির্বাচন ২২ ডিসেম্বরেই চায় সব প্যানেল
জবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ১১:০১ পিএম   (ভিজিট : ১৩৬)
সংগৃহীত ছবি
ভূমিকম্পের পর পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন আয়োজনের দাবিতে একসুরে কথা বলেছে প্রতিদ্বন্দ্বী সব প্যানেল। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভাষাশহিদ রফিক ভবনের নিচ তলায় পৃথক দুটি সংবাদ সম্মেলনে একই দাবি তোলে ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল এবং ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল। 

তারা জানায়, ২২ ডিসেম্বর ঘোষিত সময়েই জকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত এবং এ বিষয়ে নির্বাচন কমিশন যেন কোনোভাবেই দোদুল্যমান অবস্থান না নেয়।

শিবির সমর্থিত প্যানেলের অভিযোগ : গতকাল বেলা ৩টার দিকে সংবাদ সম্মেলনে অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ভিপিপ্রার্থী রিয়াজুল ইসলাম অভিযোগ করেন, কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে এবং আচরণবিধি লঙ্ঘনের বিষয়গুলোতে সঠিক ব্যবস্থা নিচ্ছে না। তার ভাষ্য, নির্বাচন পিছিয়ে দেওয়ার একটি ‘গোপন উদ্যোগ’ চলছে, যা শিক্ষার্থীরা কোনোভাবেই মেনে নেবে না। 

তিনি আরও বলেন, ২৩ নভেম্বরের কনসার্টে প্রার্থীদের মঞ্চে উঠতে নিষেধাজ্ঞা থাকলেও ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস পদপ্রার্থীসহ কয়েকজন প্রার্থী সেখানে বক্তব্য রাখেন এবং অনুদানও ঘোষণা করেন। 

রিয়াজুলের অভিযোগ, এটি কমিশনের নির্দেশনার স্পষ্ট লঙ্ঘন; অথচ এমন ঘটনার পরও দুই ব্যক্তিকে কারণ দর্শানোর নোটিস দিয়ে ১৫ দিনের সময় রাখা হয়েছে যা তার মতে ‘ইচ্ছাকৃত শিথিলতা’।

ছাত্রদল সমর্থিত প্যানেলের বক্তব্য : বিকাল ৪টার দিকে সংবাদ সম্মেলনে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের ভিপিপ্রার্থী একেএম রাকিব বলেন, ঘোষিত সময় অনুযায়ী ২২ ডিসেম্বরই ভোটগ্রহণ করতে হবে। নির্বাচনকে শঙ্কার পরিবেশে ঠেলে দিতে ‘প্রশাসনিক হস্তক্ষেপ’ দেখা যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। 

তিনি আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্প্রীতির ক্যাম্পাস এখানে বিভাজন, ঘৃণা বা বিভ্রান্তি ছড়িয়ে কেউ লাভবান হতে পারবে না। সব বর্ণ, ধর্ম ও সম্প্রদায়ের শিক্ষার্থীরা যাতে মুক্তভাবে মত প্রকাশ ও সহাবস্থান করতে পারে সেই পরিবেশই ক্যাম্পাসে বজায় রাখতে চায় তারা।

স্মারকলিপি জমা : সঠিক সময়ে নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে গতকাল নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপিও জমা দিয়েছে শাখা ছাত্র অধিকার পরিষদ এবং ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল। বিকেলে শহিদ সাজিদ ভবনে অবস্থিত কমিশনের অস্থায়ী কার্যালয়ে গিয়ে তারা স্মারকলিপি হস্তান্তর করে। এ ছাড়া পূর্বঘোষিত তারিখে নির্বাচন করার দাবিতে জাতীয় ছাত্রশক্তি সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ান, বাম প্রগতিশীলদের মওলানা ভাসানী ব্রিগেড এবং বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীরাও নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন।

সার্বিক বিষয়ে জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মোস্তফা হাসান বলেন, ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় আমাদের ডোপ টেস্ট স্থগিত রাখতে হয়েছে। সোমবারের মতবিনিময় সভায় অনেক প্রার্থী নির্বাচন পিছিয়ে দিতে বলেছিল, এখন তারা অস্বীকার করছে। আমরা প্রার্থীদের সঙ্গে বসে নির্বাচনের বিষয় পরবর্তী সিদ্ধান্ত নেব।

সময়ের আলো/এআর



  বিষয়:   জকসু নির্বাচন  প্যানেল 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: