জুলাই হামলায় মদদদাতা শিক্ষকদের বিচার দাবিতে জাবিতে ছাত্রশক্তির মানববন্ধন

জাবি প্রতিনিধি

শিক্ষা

জুলাই হামলায় মদদদাতা শিক্ষক ও পরীক্ষায় অনিয়মে জড়িত শিক্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।বৃহস্পতিবার (২৭ নভেম্বর)

2025-11-28T05:39:19+00:00
2025-11-28T05:39:19+00:00
 
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ১০ জুন ২০২৬
শিক্ষা
জুলাই হামলায় মদদদাতা শিক্ষকদের বিচার দাবিতে জাবিতে ছাত্রশক্তির মানববন্ধন
জাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৫:৩৯ এএম   (ভিজিট : ৪০৭)
শিক্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। ছবি : সংগৃহীত
জুলাই হামলায় মদদদাতা শিক্ষক ও পরীক্ষায় অনিয়মে জড়িত শিক্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে সংগঠনের নেতা-কর্মীরা এ কর্মসূচি পালন করেন। মানববন্ধনটি সঞ্চালনা করেন ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক কাজী মেহরাব।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন দীর্ঘদিন ধরে অভিযুক্ত শিক্ষকদের বিষয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ নিচ্ছে না। এতে শিক্ষার্থীদের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে।

ইংরেজি বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী ও সংগঠক খন্দকার আল ফাহাদ বলেন, ‘আমরা শুরু থেকেই অভিযুক্ত শিক্ষকদের বিচারের দাবি জানিয়ে এসেছি। প্রশাসন বারবার বলে, শিক্ষকদের প্রতি অবিচার করা যাবে না। কিন্তু শিক্ষার্থীদের প্রতি অবিচার করতে তারা যেন কোনো দ্বিধাই করে না। যে প্রশাসনকে আমরা গণ-অভ্যুত্থানের মাধ্যমে দায়িত্ব দিয়েছি, তারা আজ সেই আন্দোলনের মানেই বিকৃত করে ফেলছে।’  

ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী নাদিয়া রহমান বলেন, ‘হামলাকারী শিক্ষার্থীদের বিচার দেড় বছরের মধ্যে সম্ভব হলে মদদদাতা শিক্ষকদের বিচার কেন সম্ভব হলো না? জাকসু নির্বাচনের আগে বলা হয়েছিল, জাকসু গঠনের এক সপ্তাহের মধ্যেই তাদের বিচার হবে। কিন্তু নির্বাচন হওয়ার দুই মাস পেরিয়ে গেলেও প্রশাসনের কোনো উদ্যোগ আমরা দেখছি না।’ 


সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জিয়াউদ্দিন আয়ান বলেন, ‘অভিযুক্ত শিক্ষকদের বিচারে প্রশাসন নানা সময় তালবাহানা করছে। তদন্ত কমিটি গঠন হলেও তা বাস্তবায়নে কোনো গতি নেই। আমরা মনে করি, কিছু প্রভাবশালী সিন্ডিকেট এসব বিচার প্রক্রিয়ায় বাধা দিচ্ছে।’ 
তিনি আরও বলেন, ‘যদি প্রশাসন দ্রুত সময়ের মধ্যে শিক্ষকদের বিচারের উদ্যোগ না নেয়, তাহলে সাবেক ভিসির মতো বর্তমান প্রশাসনকেও শিক্ষার্থীদের প্রতিরোধের মুখোমুখি হতে হবে।’ 

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   শিক্ষক  বিচার  দাবি  মানববন্ধন  জাতীয় ছাত্রশক্তি  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: