নিজের নতুন সিনেমার শুটিং শুরু করলেন জনপ্রিয় চিত্রনায়িকা, মডেল বিদ্যা সিনহা মিম। সাইফ চন্দন পরিচালিত এই নতুন সিনেমায় তার বিপরীতে রয়েছেন আরিফিন শুভ।
এর আগে এই জুটিকে দেখা গিয়েছিল গোলাম সোহরাব পরিচালিত থ্রিলার ‘সাপলুডু’ সিনেমায়। এবারের সিনেমাটির মধ্য দিয়ে দীর্ঘ চার বছর পর আবারও জুটি বাঁধলেন এই তারকা জুটি। তবে শুটিং পুরোদমে শুরু হলেও এখনই নতুন সিনেমার বিষয়ে কথা বলতে নারাজ মিম।
জানা গেছে, চলতি মাসের শুরুতে রাজশাহীর পবা এলাকায় শুটিং শুরু হয় এ সিনেমার। বর্তমানে নাটোরে চলছে টানা কাজ। গল্প অ্যাকশন ঘরানার, যেখানে শুভ ও মিমকে দর্শক দেখবেন একদম নতুনভাবে, নতুন আঙ্গিকে। চরিত্রের প্রয়োজনে দুজনই কঠোর ডায়েট ও ফিটনেস ট্রেনিং নিয়েছেন বলেও জানা গেছে।
এই সিনেমার জন্য প্রস্তুতিতে বিদ্যা সিনহা মিম টানা দেড় মাস মহড়া দিয়েছেন। শুধু তাই নয়, মার্শাল আর্ট, বডি ল্যাঙ্গুয়েজ ও অ্যাকশন কোরিওগ্রাফির ওপরও প্রশিক্ষণ নিয়েছেন অভিনেত্রী। প্রস্তুতি নিতে আরিফিন শুভও একই রকম সময় দিয়েছেন।
সিনেমাটির পরিচালক সাইফ চন্দন বিষয়টি নিয়ে এখনই কিছু বলতে চান না। তিনি শুধু বলেন, এখনই কিছু বলতে চাই না। সময় হলে সব জানাব। সিনেমাটি আগামী ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছেন নির্মাতা সাইফ চন্দন। সে হিসেবেই এগোচ্ছে সিনেমার শুটিং। ডিসেম্বরেই বিদেশে হবে একটি আইটেম গানের শুটিং। এরপরই শেষ হবে পুরো কাজ। বাকি রয়েছে কিছু প্যাচওয়ার্ক ও ডাবিং।
এদিকে মিম এখন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এরিমইধ্যে শুটিং শেষ করেছেন ওয়াহিদ তারেক পরিচালিত ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমার। এছাড়া আরেকটি সিনেমায় মিমকে দেখা যাবে শহীদুল্লাহ কায়সারের স্ত্রী পান্না কায়সারের চরিত্রে।
অন্যদিকে দীর্ঘ বিরতির পর কাজে ফিরেছেন অভিনেতা শুভ। এর আগে সবশেষ মুক্তি পাওয়া সিনেমা ছিল ‘নীলচক্র’। এর বাইরে রায়হান রাফী পরিচালিত ‘নূর’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এতে তার সহশিল্পী হিসাবে আছেন জান্নাতুল ঐশী। এর পাশাপাশি অনম বিশ্বাসের ‘ঠিকানা বাংলাদেশ’–এ অভিনয় করেছেন শুভ, যেখানে তার সঙ্গে আছেন নুসরাত ফারিয়া। আন্তর্জাতিক অঙ্গনেও ব্যস্ত শুভ—হিন্দি সিরিজ ‘জ্যাজ সিটি’তে অভিনয় করেছেন।
পরিচালকের এটি সপ্তম সিনেমা। সবশেষ তার পরিচালিত ‘লোকাল’ সিনেমায় অভিনয় করেন আদর আজাদ ও শবনম বুবলী। এবার প্রথমবারের মতো তিনি একসঙ্গে কাজ করছেন আরিফিন শুভ ও মিমকে নিয়ে।
সময়ের আলো/এআর