এবার গানে জুটি বাঁধলেন জনপ্রিয় অভিনেত্রী ফারিণ ও কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল। আগামী ৪ ডিসেম্বর প্রকাশ পেতে যাচ্ছে এই জুটির নতুন গান ‘মন গলবে না’।
এটি ফারিণের একক গান হলেও এর একটি অংশে কণ্ঠ দিয়েছেন ইমরান।
গানটির কথা লিখেছেন কবির বকুল। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। এই গানটি দিয়ে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছেন তাসনিয়া ফারিণ। গানটি তৈরি হয়েছে তার প্রযোজনা প্রতিষ্ঠান ফড়িং ফিল্মস থেকে। এর ভিডিওতে মডেলও হয়েছেন ফারিণ ও ইমরান। ভিডিও নির্দেশনা দিয়েছেন নাহিয়ান আহমেদ।
জানা গেছে, তাসনিয়া ফারিণ ও ইমরান মাহমুদুলের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে নতুন এই গান।
নতুন গান নিয়ে তাসনিয়া ফারিণ বলেন, ‘রঙে রঙে রঙিন হব’ গানের পর থেকে ভাবছিলাম একটা ভিন্ন ধরনের গান করব। একদিন কবির বকুল ভাই আমাকে সারপ্রাইজ হিসেবে গানের কথাগুলো পাঠালেন। ইমরান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানালেন, আমার জন্য ভালো একক গান হতে পারে। সুর করার পর শুনেই আমার খুব ভালো লেগে যায়। ইমরান ভাইও কণ্ঠ দিয়েছেন একটা অংশে। ‘মন গলবে না’ কমার্শিয়াল ধাঁচের গান। সেখানে একটি গল্প দেখানোর চেষ্টা করেছি। গানের ভিজ্যুয়ালটা নিয়ে যখন চিন্তা করছিলাম, তখন মনে হলো অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে না গিয়ে নিজে করলেই ভালো। কারণ, গান আমার খুব পার্সোনাল একটা বিষয়, চেয়েছি নিজের মতো করেই করতে।
এদিকে প্রযোজক হিসেবে নিজের লক্ষ নিয়ে ফারিণ বলেন, ‘গানের পাশাপাশি অন্য কনটেন্ট নিয়েও কাজ করার ইচ্ছা আছে। আমার এই গানের ভিডিওর নির্দেশনা দিয়েছেন ফ্লাইবটের নাহিয়ান। ফ্লাইবটও অনেক সহায়তা করেছেন ভালো মিউজিক ভিডিও নির্মাণের জন্য। এখানে দর্শক আমাকে অনেক লুকে দেখতে পাবেন।’
প্রসঙ্গত, গত বছর ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে তাহসানের সঙ্গে গানে অভিষেক হয় ফারিণের। ‘রঙে রঙে রঙিন হব’ শিরোনামের গানটি বেশ আলোচিত হয় সে সময়।
এফআর