টলমল করা রাজধানীতে আবারও ছিনতাইয়ের শিকার হলেন এক অভিনয়শিল্পী।
শুক্রবার (২৮ নভেম্বর) রাতে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে চিত্রনায়িকা রাজ রিপার ব্যবহৃত আইফোন ১৩ প্রো ম্যাক্স ছিনতাই হয়েছে।
রাজ রিপা জানান, বাংলামোটর এলাকায় তার গাড়িটি চলন্ত অবস্থায় থাকতেই হঠাৎ দুর্বৃত্ত এসে জানালা দিয়ে হাত ঢুকিয়ে মুহূর্তের মধ্যেই ফোনটি নিয়ে পালিয়ে যায়। তিনি বলেন, ‘গাড়ির এসি নষ্ট ছিল, তাই জানালা একটু খোলা রেখেছিলাম। ফোনে কথা বলছিলাম। হঠাৎ করে কী হলো বুঝতেই পারলাম না- সেকেন্ডের মধ্যে ছিনতাইকারী ফোনটা টেনে নিয়েছে। চিৎকার করলেও ধরার মতো কেউ ছিল না।’
ফোনটি হারানো রিপার জন্য শুধুই আর্থিক ক্ষতি নয়, বরং আবেগেরও। কারণটি জানিয়ে তিনি বলেন, ‘মুক্তি ছবির একটি কঠিন অ্যাকশন দৃশ্যে অভিনয় দেখে পরিচালক ইফতেখার চৌধুরী আমাকে এই ফোনটি উপহার দিয়েছিলেন। তাই ফোনটি আমার কাছে স্মৃতির মতো ছিল। দুই দিন ধরে কেঁদেছি।’
আরও পড়ুন
ঘটনার পর রাজ রিপা রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানা গেছে।
অভিনেত্রী হিসেবে তিনি ২০২০ সালে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন ‘দহন’ ছবির ছোট একটি চরিত্রে অভিনয় করে। পরে ‘মুক্তি’, ‘ময়না’ ও ‘ব্যাচেলর ইন ট্রিপ’সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন।
এএডি/