ইউরোপের পরিচিত বিউটি ইনফ্লুয়েন্সার স্টেফানি পাইপার (৩১) পাঁচ দিন নিখোঁজ থাকার পর নিহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অস্ট্রিয়ার এই নারীকে হত্যা করে তার সাবেক প্রেমিক মরদেহ সুটকেসে ভরে স্লোভেনিয়ার ঘন জঙ্গলে পুঁতে রাখেন।
স্টাইরিয়ান স্টেট পুলিশের তথ্যমতে, পাইপার ২৩ নভেম্বর একটি পার্টি থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। সামাজিক মাধ্যমে মেকআপ, ফ্যাশন ও গান বিষয়ক কনটেন্টের জন্য তিনি বেশ পরিচিত ছিলেন। নিখোঁজ হওয়ার আগে পাইপার বন্ধুকে বার্তা পাঠিয়ে জানান বাড়ি ফিরছেন। পরবর্তীতে তিনি জানান, মনে হচ্ছে সিঁড়িঘরে কেউ লুকিয়ে আছে। এরপর তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
প্রতিবেশীরা ওই রাতে ঝগড়ার শব্দ শুনেছেন এবং পাইপারের সাবেক প্রেমিককে ভবনের ভিতরে দেখেছেন বলে দাবি করেছেন। এরপরই পরিবারের লোকজন এবং বন্ধুরা পুলিশে নিখোঁজ হওয়ার রিপোর্ট লেখায়।
পরবর্তীতে ২৪ নভেম্বর, অস্ট্রিয়া-স্লোভেনিয়া সীমান্তের কাছে একটি ক্যাসিনোর পার্কিং লটে আগুনে পুড়ে থাকা লাল গাড়ি উদ্ধার করা হয়।
আরও পড়ুন
গাড়িটির মালিক ছিলেন পাইপারের সাবেক প্রেমিক পিটার এম। তাকে সন্দেহজনক আচরণের জন্য আটক করা হয়। স্লোভেনিয়া পুলিশ তাকে অস্ট্রিয়ায় হস্তান্তর করে।
কয়েক ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর পিটার এম. হত্যার কথা স্বীকার করেন। তিনি জানিয়েছেন, পার্টির পর পাইপারের সঙ্গে তুমুল ঝগড়ার সময় তিনি তাকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে মরদেহ সুটকেসে ভরে গাড়িতে নিয়ে স্লোভেনিয়ার মাজস্পার্ক এলাকার জঙ্গলে পুঁতে রাখেন।
২৮ নভেম্বর পুলিশ অভিযান চালিয়ে সুটকেস উদ্ধার করে, তাতেই পাইপারের লাশ পাওয়া যায়। স্টাইরিয়ান স্টেট পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে অভিযুক্তের ভাই ও সৎ বাবাকেও গ্রেফতার করা হয়েছে। তারা কি ঘটনাটি লুকাতে বা প্রমাণ ধ্বংসে সহায়তা করেছে তা তদন্ত করা হচ্ছে।
এএডি/