কলকাতার আলোচিত নায়িকা ইধিকা পাল এবার জুটি বাঁধতে যাচ্ছেন দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদের সঙ্গে। মেহেদী হাসান হৃদয় পরিচালিত নতুন সিনেমা ‘রাক্ষস’ এ দেখা যাবে এই জুটিকে। চলতি সপ্তাহে ইধিকার সঙ্গে চুক্তি সম্পন্ন হওয়ার কথা রয়েছে। সব ঠিক থাকলে এটি হবে সিয়াম-ইধিকা জুটির প্রথম সিনেমা।
সিনেমাটির নায়িকা নিয়ে দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছিল। এর আগে এই সিনেমার নায়িকা হিসেবে দেশের দুই অভিনেত্রীর নাম শোনা গেলেও শেষ পর্যন্ত কলকাতার অভিনেত্রী ইধিকা পালই চূড়ান্ত হয়েছেন নায়িকা হিসেবে।
প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, চলতি মাসেই ঢাকায় ‘রাক্ষস’-এর শুটিং শুরু হবে, এরপর শ্রীলঙ্কা ও মালয়েশিয়ায় কিছু অংশের দৃশ্যধারণ করা হবে। আন্তর্জাতিক লোকেশন ও আধুনিক অ্যাকশন ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে। পরিচালক মেহেদী হাসান আপাতত আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও জানা গেছে, দুই সপ্তাহের মধ্যেই এর শুটিং শুরু হবে। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
ইধিকা পাল বাংলাদেশের দর্শকের কাছে পরিচিত হন শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে। এরপর শাকিবের বিপরীতে ‘বরবাদ’ সিনেমাতেও অভিনয় করেন। শাকিব খানের বাইরে তিনি কাজ করেছেন বাংলাদেশের পরিচালক হাসিবুর রেজার ‘কবি’ সিনেমায় এবং কলকাতার সিনেমা ‘খাদান’ ও ‘রঘু ডাকাত’-এ দেবের বিপরীতে।
এদিকে, সিয়াম আহমেদ অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ছিল ‘জংলি’। যেখানে তার বিপরীতে ছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। এ ছাড়া, সম্প্রতি রায়হান রাফি পরিচালিত ‘আন্ধার’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি।
সময়ের আলো/এনএ