বিরতি ভেঙে আবার অভিনয়ে ফিরছেন আলোচিত বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। গত বছর ‘সিস্টার মিডনাইট’ সিনেমায় শেষ দেখা গিয়েছিল তাকে। একই বছরের ডিসেম্বরে মা হওয়ার সুবাদে অভিনয় জগত থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন তিনি। সম্প্রতি প্রকাশ্যে এসেছে তার অভিনীত নতুন ওয়েব ফিল্ম ‘সালি মোহাব্বত’-এর ট্রেলার। এই ওয়েব ফিল্মটির মধ্য দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন অভিনেত্রী টিসকা চোপড়া।
রহস্য আর সাসপেন্সে ঘেরা ওয়েব ফিল্মটির গল্প আবর্তিত হয়েছে ফুরসতগড় নামের এক শান্ত শহরকে ঘিরে। সেখানে স্মিতা নামের এক নারী প্রকৃতি ও নিজের নীরব জগত নিয়ে একাই থাকেন। স্মিতার চরিত্রেই দেখা যাবে রাধিকাকে। হঠাৎ শহরে ঘটে যাওয়া একটি ভয়ংকর ডাবল মার্ডার তার নিস্তরঙ্গ জীবনে অস্থিরতা নিয়ে আসে। পুলিশি তদন্ত যত এগোয়, রহস্য তত ঘনীভূত হয়। স্মিতা কি কেবলই ঘটনার সাক্ষী, নাকি এই অন্ধকারের পেছনে লুকিয়ে থাকা বড় কোনো সত্যের চাবিকাঠি- ট্রেলারজুড়ে সেই প্রশ্নই উঁকি দিয়েছে।
নিজের চরিত্র প্রসঙ্গে রাধিকা বলেন, ‘স্মিতার জগ বটিতে এক ধরনের অস্বস্তিকর নীরবতা আছে। চরিত্রটি আমাকে নিজের ভেতরের জটিলতা খুঁজে দেখতে বাধ্য করেছে। টিসকার নিখুঁত নির্দেশনা সেই আবেগগুলোকে ঠিক জায়গায় পৌঁছাতে সাহায্য করেছে।’
আরও পড়ুন
‘স্যাক্রেড গেমস’, ‘লাস্ট স্টোরিজ’, ‘ঘোল’, ‘আন্ধাধুন’-বলিউডে একের পর এক সিনেমা টিভি নাটকে ভিন্নধারার চরিত্রে অভিনয় করে ইতিমধ্যে নিজেকে এক বিশেষ জায়গায় নিয়ে গিয়েছেন রাধিকা আপ্তে। সমালোচকদের ভাষায়-তিনি সেই অভিনেত্রী, যিনি ছকভাঙা চরিত্রকে নিজের দক্ষতায় আরেক ধাপ এগিয়ে নিয়ে যান।
‘সালি মোহাব্বত’ নামের এই ওয়েব ফিল্মটিতে রাধিকা ছাড়া আরও অভিনয় করেছেন দিব্যেন্দু শর্মা, অনুরাগ কাশ্যপ, অংশুমান পুষ্কর, শরৎ সাক্সেনা, সৌরসেনী মৈত্র এবং বিশেষ চরিত্রে কুশা কাপিলা। আগামী ১২ ডিসেম্বর ওয়েব প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পেতে যাচ্ছে এই ওয়েব ফিল্মটি।
এএডি/