অভয়া কাণ্ডের পর থেকেই ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকারের রাজনৈতিক মঞ্চে আসার গুঞ্জন উঠেছিল। সামাজিক ইস্যুতে তার সরব উপস্থিতি এবং সক্রিয় মতামতের কারণে অনেকেই ধারণা করেছিলেন যে, তাকে হয়তো শিগগিরই রাজনীতির মাঠে দেখা যাবে। কিন্তু এক বছর পরেও সোহিনীকে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে দেখা যায়নি।
সম্প্রতি তার অভিনীত ‘রঘু ডাকাত’ ছবির প্রচারের সময় তৃণমূলের নেতার সঙ্গে নাচের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর ফের তার রাজনৈতিক দলের সঙ্গে যোগদানের বিষয়টি সামনে আসে। এ প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষও অভিনেত্রীকে নিয়ে তির্যক মন্তব্য করেন।
অবশেষে সোহিনী নিজেই তার অবস্থান পরিষ্কার করেছেন। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘যদি কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে আমাকে প্রস্তাবও দেওয়া হয়, তবুও আমি কোনোভাবেই রাজনীতিতে যোগদান করতে চাই না। তৃণমূল, কংগ্রেস, বিজেপি বা সিপিএম- আমি কোনো দলের সঙ্গে যুক্ত হতে চাই না।’
আরও পড়ুন
তিনি আরও বলেন, ‘রাজনীতিতে যোগ দিলে, আমার আর কিছু বলার থাকবে না। আমি তখন পুরোপুরি চুপচাপ হয়ে যাব।’
সাম্প্রতিক বছরগুলোতে টলিউডসহ দেশের অনেক তারকাই রাজনীতিতে যোগদান করেছেন তাদের মধ্যে দেব, মিঠুন চক্রবর্তী সহ অনেকেই সক্রিয়। তবে, সোহিনীর এই ঘোষণা রাজনীতির প্রতি তার নিরপেক্ষতা ও দূরত্ব বজায় রাখার ইচ্ছাকে স্পষ্ট করেছে।
এএডি/