নদী বহমান আপন গতিতে

মইনুল হক রোজ

বিনোদন

ভাবনায় তার থাকে কত কিছুই! কিন্তু সেই কত কিছু আসলে কী? নিজের নামের মতোই কি তা বয়ে চলে নানা দিকে?

2025-12-10T23:19:21+00:00
2025-12-10T23:20:05+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
বিনোদন
নদী বহমান আপন গতিতে
মইনুল হক রোজ
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ১১:১৯ পিএম  আপডেট: ১০.১২.২০২৫ ১১:২০ পিএম
মৌমিতা তাশরিন নদী। সংগৃহীত ছবি
ভাবনায় তার থাকে কত কিছুই! কিন্তু সেই কত কিছু আসলে কী? নিজের নামের মতোই কি তা বয়ে চলে নানা দিকে? এত প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তা মিলে গেল এক মোহনায়। আর সেই মোহনা হলো ‘গান’। তার নিজের ভাষায়, ‘গান আমার কাছে সাধনা-ভালোবাসা। আমার কাছে বেঁচে থাকার নিশ্বাস। গানই আমার কাছে সবকিছু।’ কথাগুলো যে কেবল বলার জন্য বলা না তা বোঝা যায় তার গাওয়া গানগুলো শুনলেই। সংগীতের পথচলায় শুধু জনপ্রিয়ই নন বরং নিজস্ব গায়কি স্টাইল দিয়ে গড়ে তুলেছেন তার এক স্বতন্ত্র পরিচয়। তিনি মৌমিতা তাশরিন নদী। সংগীতপ্রিয়দের কাছে যিনি নদী হিসেবেই বেশ লম্বা সময় ধরেই এক ভালোলাগার নাম। শ্রোতাপ্রিয় সেই শিল্পী নদী শ্রোতাদের জন্য নিয়ে এলেন নতুন উপহার। আর তা হলো তার নতুন একক গান ‘তুমিহীনা’। 

বুধবার (১০ ডিসেম্বর) নদীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে গানটি। গানটির কথা লিখেছেন নদী নিজেই। তার সঙ্গে লেখায় সহযোগিতা করেছেন হৃদয় হাসিন ও হেমা। গানটির সুর করেছেন নদী ও হৃদয় হাসিন। আর মিউজিক অ্যারেঞ্জমেন্টে ছিলেন হৃদয় হাসিন। এ ছাড়া, রিদম প্রোগ্রামিং করেছেন সায়েম রহমান। 

শিল্পীর জীবন সবসময় সহজ নয়। জনপ্রিয়তা, নিয়মিত কাজ আর প্রত্যাশার ভিড়ে নিজের সত্তাকে খুঁজে পাওয়া অনেকের জন্যই কঠিন হয়ে যায়। অনেক সময় নিজের ইচ্ছা, নিজের ভালোলাগা, নিজের সুর-এসব আটকে পড়ে অন্যের প্রত্যাশার ভেতরে। নদীও তার ব্যতিক্রম নন। নিজের একান্ত ভালোলাগার মতো গান অনেক সময়ই করা হয়ে উঠে না। কিন্তু তার এই নতুন গানটি একান্তই তার নিজের ভালোলাগা থেকে করা। 

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের শিল্পীদের সবসময় নিজের পছন্দমতো কাজ করার সুযোগ থাকে না। অনেক কারণেই নিজের ভালোলাগা বারবার পিছিয়ে যায়। কিন্তু ‘তুমিহীনা’ পুরোপুরি আমার নিজের ভালোলাগা থেকে করা।’ 

এই ‘নিজের ভালোলাগার’ বিষয়টি নদীর জন্য এত গুরুত্বপূর্ণ কেন? সে বিষয়ে তিনি বলেন, ‘কারণ গত কয়েক বছর ধরে শুধু গায়কি নয়-সুর, কথা, এবং সংগীতের নানা শাখায় কাজ করছেন। কিন্তু তার ভেতরে যে গানটি জন্ম নেয়, যে অনুভূতিগুলো বাসা বাঁধে, সেগুলো অনেক সময় বাস্তবে রূপ পায় না। হয়তো সময়ের অভাব, হয়তো প্রোডাকশনের চাপ, শিল্পীর নিজের গান নিজেই হারাতে বসে। সেই কারণেই ‘তুমিহীনা’ তার কাছে শুধু একটি গান নয় বরং নিজেকে ফিরে পাওয়ার একটি মুহূর্ত।’ 

এই গানের কথা ও সুর নিয়ে নদী বলেন, ‘আমি গান লেখা ও সুর করার কাজটি অনেক দিন ধরেই করছি। কিন্তু আমার ভেতরে যে অনুভূতি জমে ছিল, সেগুলো পুরোপুরি প্রকাশের মতো গান কোনোভাবে হচ্ছিল না। ‘তুমিহীনা’ সেটি পূরণ করেছে। আমার এই গানটি হয়তো সবার কাছে ভালো নাও লাগতে পারে। কিন্তু আমি সবসময় এমন ধরনের গান করতে চেয়েছি। যে গান আমার ব্যক্তিত্বের সঙ্গে মানিয়ে যায়। এই গানটি ঠিক তেমন।’ 

‘তুমিহীনা’-এর মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সোহেল রাজ। ভিডিওতে মডেল হয়েছেন নদী নিজেই। এটি নির্মিত হয়েছে নদীর নিজের ব্যানার ‘নদীমাতৃক প্রোডাকশন’ থেকে।  আর গানটি ইউটিউব ছাড়াও শুনতে পাওয়া যাবে স্পটিফাই, অ্যাপল মিউজিক এবং বিভিন্ন আন্তর্জাতিক মিউজিক প্ল্যাটফর্মে। 


‘তুমিহীনা’ গানটি যদিও নিজের ভালোলাগা থেকে করা তারপরও শ্রোতাদের চাওয়া-প্রত্যাশার কথা ভাবনায় আছে তার। নদী বলেন, ‘শ্রোতারা একজন শিল্পীর কাজকে বাঁচিয়ে রাখেন। আপনাদের ভালোবাসা, মতামত, উৎসাহ-সবই আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। ‘তুমিহীনা’ আমার জন্য খুবই প্রিয়। আমার ভালোলাগার একটি গান আপনাদের কাছে দিলাম।  আশা করি আপনাদেরও ভালো লাগবে।’ 

ভার্সেটাইল এই শিল্পীর গাওয়া ‘জলছায়া’, ‘নিঃশ্বাস’, ‘রঙিলা আকাশ’, ‘অচিনপুর’, ‘মুগ্ধতা’ কিংবা ‘সুতো কাটা ঘুড়ি’-র মতো বেশ কিছু গান দারুণভাবে শ্রোতাপ্রিয়তা পেয়েছে এখন পর্যন্ত। আশা করা যায় ‘তুমিহীনা’ গানটিও এবার যুক্ত হতে যাচ্ছে সেই তালিকায়। 

শ্রোতাদের হৃদয়ে নিজের স্বতন্ত্র গায়কি দিয়ে স্থান করে নেয়া নদী বরাবরই একটু ধীরে চলা নীতিতে বিশ্বাসী। যে কারণে একটু সময় নিয়ে বেছে বেছে কাজ করতে পছন্দ করেন তিনি। যে কারণে বলাই যায়, আলোর নিচে দাঁড়ানো নয় বরং আলোকে নিজের দিকে টেনে আনার পথেই হাঁটছেন নদী। নিজের সেই লক্ষ্যে পৌঁছে যাবেন নদী সফলতার সঙ্গে আপন গতিতে-সেই কামনাই রইল। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   নদী  বহমান  আপন গতিতে 


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: