মানব ইতিহাসে আগুনের ব্যবহার এক অনন্য আবিষ্কার ছিল, যা আধুনিক সভ্যতার ভিত্তি স্থাপন করেছে। কিন্তু আদিম মানুষ কবে প্রথম আগুন জ্বালাতে শিখেছিল, তা নিয়ে চলছিল দীর্ঘদিন ধরে নানা অনুমান। এখন, একটি নতুন প্রত্নতাত্ত্বিক গবেষণা সেই পুরোনো ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে একটি নতুন ইতিহাস উন্মোচন করেছে। গবেষকদের মতে, আগুন জ্বালানোর কৌশল আদিম মানুষ প্রায় ১০ লাখ বছর আগে আয়ত্ত করেছিল, যদিও প্রথমে তারা প্রাকৃতিক আগুন ব্যবহার করত। কিন্তু আগুন জ্বালানো ও নিয়ন্ত্রণ করার কৌশল তারা আয়ত্ত করেছিল অনেক পরে, আজ থেকে প্রায় ৪ লাখ বছর আগে।
এতদিন ধরে গবেষকরা বিশ্বাস করতেন, মানুষ আজ থেকে প্রায় ৫০ হাজার বছর আগে আগুন জ্বালাতে শিখেছিল। তবে ব্রিটেনের বার্নহাম গ্রামে খননকাজ চলাকালে পাওয়া কিছু গুরুত্বপূর্ণ নিদর্শন এই ধারণাকে বদলে দিয়েছে। সেখানে পাওয়া গেছে উনুন আকৃতির পোড়া মাটি, তাপে ভেঙে যাওয়া পাথরের কুড়াল এবং পাইরাইট বা আয়রন সালফাইডের দুটি টুকরা। পাইরাইট এমন একটি পাথর, যা ঠুকে আগুনের স্ফুলিঙ্গ তৈরি করে দাহ্য বস্তুতে আগুন ধরাতে সাহায্য করে। এই আবিষ্কার নিশ্চিত করেছে যে, চার লাখ বছর আগে এখানকার আদিম বাসিন্দারা আগুন জ্বালাতে এবং নিয়ন্ত্রণ করতে সক্ষম ছিল।
এতদিন, মানুষের আগুন জ্বালানোর প্রাচীনতম প্রমাণ ছিল ফ্রান্সের উত্তরাঞ্চলে, যা ছিল আজ থেকে ৫০ হাজার বছর আগে। কিন্তু বার্নহামের এই আবিষ্কার সেই ধারণাকে অনেক পুরনো করে তুলেছে। চার লাখ বছর আগে থেকেই আদিম মানুষ আগুন জ্বালাতে শিখে গিয়েছিল। এর মানে, আগুন জ্বালানোর এই কৌশল আধুনিক মানুষের আবির্ভাবের আগেই শুরু হয়েছিল।
আরও পড়ুন
এখনও পর্যন্ত স্পষ্ট নয়, কোন আদিম প্রজাতি প্রথম আগুন জ্বালাতে শিখেছিল। কারণ, আধুনিক মানুষ (হোমো সেপিয়েন্স) ইউরোপে আসার অনেক আগে থেকেই অন্যান্য 'হোমো' প্রজাতি এখানে ছিল, যেমন হোমো ইরেক্টাস, হোমো হাইডেলবার্জেনসিস এবং হোমো নিয়ান্ডার্থাল। ব্রিটেনের বার্নহামের সময়কাল অনুযায়ী, সম্ভবত ওই সময়ের নিয়ান্ডার্থালরা প্রথম আগুন জ্বালাতে শিখেছিল। কেন্ট কাউন্টি ও স্পেনের আটাপুয়ের্কো থেকে পাওয়া জীবাশ্মও এই অনুমানকে সমর্থন করে।
গবেষকরা মনে করেন, আদিম মানুষ বজ্রপাত বা অন্যান্য প্রাকৃতিক কারণে সৃষ্ট আগুন ব্যবহারের দক্ষতা অর্জন করেছিল আনুমানিক ১০ লাখ বছর আগে। কিন্তু আগুন জ্বালানো এবং নিয়ন্ত্রণের জন্য পাইরাইটের মতো উপকরণ ব্যবহার শুরু হয় চার লাখ বছর আগে।
এ গবেষণাটি পরিচালনা করেছেন লন্ডনের ব্রিটিশ জাদুঘরের প্রস্তর যুগের বিশেষজ্ঞ নিক অ্যাশটন। তিনি বলেন, "এটি বিশ্বের প্রাচীনতম আগুন জ্বালানোর প্রমাণ, যা পাওয়া গেছে ব্রিটেনের বার্নহাম থেকে। তবে, এটা বলা কঠিন যে, এখানকার মানুষ প্রথম আগুন জ্বালাতে শিখেছিল, কারণ এর প্রমাণ খুব কমই টিকে থাকে।"
বার্নহামের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো প্রমাণ করে যে, আদিম মানুষ আগুন জ্বালাতে এবং এটি নিয়ন্ত্রণ করতে পারত, যা তাদের দৈনন্দিন জীবনে বিশাল পরিবর্তন এনে দিয়েছিল। এই আবিষ্কার মানব ইতিহাসে আগুনের ব্যবহার নিয়ে আমাদের পূর্বের ধারণাগুলোকে নতুন করে মূল্যায়ন করতে বাধ্য করবে।
এএডি/