অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঢাকার কড়াইলবাসীর জন্য ‘দেলুপি’ সিনেমার একটি বিশেষ উন্মুক্ত প্রদর্শনীর আয়োজন করা হয়। গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) আয়োজিত এ প্রদর্শনীর আয়োজনে ছিল কড়াইলের শহুরে কৃষকদের নাগরিক দল ‘নগর আবাদ’ ও সহযোগী দল ‘পোকা’। এ সময় এরশাদ মাঠে এক হাজারের অধিক দর্শকের সামনে ‘দেলুপি’ দেখানো হয় প্রজেক্টরে।
নির্মাতা দল ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন বিশ্বাস করে ‘দেলুপি’তে বন্যা-পরবর্তী সময়ে জনগণের যে একাত্মতার গল্প দেখানো হয়েছে, কড়াইল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষদের অপূরণীয় ক্ষতিতেও তাদের সঙ্গে সেই একাত্মতা প্রকাশ করা প্রয়োজন।
এর আগে কড়াইলের অগ্নিকাণ্ডের পর গত ২ ডিসেম্বর, দেশব্যাপী সিনেমাটির সব প্রদর্শনীর টিকেটের প্রযোজকের অংশের অর্থ কড়াইলবাসীর কল্যাণে প্রদানের ঘোষণা দেয় টিম দেলুপি। তখন বলা হয়, ‘তাদের অপূরণীয় ক্ষতি পূরণের চেষ্টা এটি নয়, বরং জানান দেওয়া যে আমরা তাদের সঙ্গে আছি, আমরাও তাদের কষ্টে সমব্যথী। কড়াইলবাসীর প্রতি দেলুপিবাসীর ভালোবাসা ও সালাম, এই দুর্যোগ আমরা সবাই হাতে হাত ধরে পার করব।’
সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় কড়াইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়।
সময়ের আলো/এনএ