লম্বা বিরতির পর জনপ্রিয় বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি ফিরছেন তার নতুন সিনেমা নিয়ে। এরই মধ্যে বেশ আলোচনা শুরু হয়েছে তার মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘টক্সিক’ নিয়ে। আর সেই আলোচনার মধ্যেই অন্তর্জালে প্রকাশ্যে এসেছে সিনেমাটিতে কিয়ারার ফার্স্ট লুক। যা প্রকাশের সঙ্গে সঙ্গেই ভক্তদের মধ্যে সৃষ্টি করেছে তুমুল আলোচনা।
রোববার (২১ ডিসেম্বর) অভিনেতা ইয়াশ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ‘টক্সিক’ ছবিতে কিয়ারা আদভানির ‘নাদিয়া’ চরিত্রের পোস্টার শেয়ার করেন।
একই সঙ্গে ছবিটির নির্মাতা ও কিয়ারাও নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্টারটি প্রকাশ করেন। পোস্টার শেয়ার করে ইয়াশ লেখেন, নাদিয়া চরিত্রে কিয়ারা আদভানি একটি বিষাক্ত রূপকথার গল্প, প্রাপ্তবয়স্কদের জন্য।
পোস্টারে দেখা যায়, কালো রঙের অফ-শোল্ডার, উঁচু কাটের গাউন পরে একটি ডান্স ফ্লোরে স্পটলাইটের নিচে দাঁড়িয়ে আছেন কিয়ারা। ক্যামেরার দিকে তাকাননি তিনি। দূরে স্থির দৃষ্টি, চোখেমুখে গভীর বিষণ্ণতা আর গাল বেয়ে নেমে আসছে অশ্রু। পুরো লুকটাই যেন রহস্য মোড়া। কিয়ারার এই ভিন্নধর্মী লুক মুহূর্তেই দর্শকদের নজর কেড়েছে। অনেকেই তার এই লুকের সঙ্গে টিম বার্টনের সিনেমার চরিত্র ও ডিসির হার্লে কুইনের তুলনাও টানছেন।
আরও পড়ুন
জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা গীতু মোহন দাস পরিচালিত ‘টক্সিক’ ছবিতে কিয়ারাকে দেখা যাবে ইয়াশের বিপরীতে। এ ছাড়া ছবিতে অভিনয় করছেন তারা সুতারিয়া, হুমা কুরেশি, রুক্মিণী বসন্ত, অক্ষয় ওবেরয় ও সুদেব নায়ার। সিনেমাটি কন্নড় ও ইংরেজি ভাষায় একসঙ্গে শুট করা হয়েছে এবং মোট ছয়টি ভাষায় মুক্তি পাবে। আগামী বছরের ২৬ মার্চ ‘টক্সিক’ মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে।
এদিকে চলতি বছরের জুলাইয়ে কন্যা সারায়াহ জন্ম হওয়ার পর অভিনেত্রী সম্পূর্ণভাবে নিজেকে গৃহবন্দি করে রেখেছিলেন। ক্লিনিক যাওয়া ছাড়া আর কোথাও দেখা যায়নি তাকে। তবে সেই দীর্ঘ বিরতি শেষে সম্প্রতি শুটিয়ে ফিরেছেন কিয়ারা। কাজে ফিরেই এ মাসের শুরু দিকে ইনস্টাগ্রামে নিজের ছবি শেয়ার করে কিয়ারা লিখেছিলেন, এরপরের ধাপ আরও বেশি তপ্ত হবে। সেখানে দেখা গেছে মা হওয়ার পর কিয়ারা তার বাড়তি ওজন কমিয়ে আগের তুলনায় আরও আকর্ষণীয় হয়ে উঠেছেন।
এএডি/