সংগীত জগতে দীর্ঘদিনের সফল পথচলার পর এবার সিনেমার মঞ্চেও বিশেষ সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন মার্কিন পপ তারকা মাইলি সাইরাস। জেমস ক্যামেরনের আলোচিত চলচ্চিত্র ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এ ব্যবহৃত গান ‘ড্রিম অ্যাজ ওয়ান’-এর জন্য পাম স্প্রিংস আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কারের বিশেষ সম্মাননা পাচ্ছেন এই শিল্পী।
জানা গেছে, আগামী ২ থেকে ১২ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে পাম স্প্রিংস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবের উদ্বোধনী দিন ৩ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে মাইলি সাইরাসের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে। সিনেমার আবহের সঙ্গে গভীরভাবে মিশে থাকা গানটি প্যান্ডোরার কল্পজগতে আবেগ ও গল্পের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ব্যবহৃত হয়েছে, যা দর্শকদের মধ্যে ইতোমধ্যেই দারুণ সাড়া ফেলেছে।
‘ড্রিম অ্যাজ ওয়ান’ গানটির সহলেখক হিসেবেও যুক্ত ছিলেন মাইলি সাইরাস। তার সঙ্গে গানটি লেখায় অংশ নেন অ্যান্ড্রু ওয়াট, মার্ক রনসন ও সাইমন ফ্র্যাংলেন। সংগীত ও সিনেমার এই যুগলবন্দী নতুন অ্যাভাটার চলচ্চিত্রে ভিন্ন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সমালোচকরা।
আরও পড়ুন
এ বিষয়ে পাম স্প্রিংস চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান নাছাত্তার সিং চাঁদি বলেন, “মাইলি সাইরাস এমন একজন শিল্পী, যিনি প্রতিবার নিজের সৃষ্টিশীলতা দিয়ে দর্শকদের চমকে দেন। ‘ড্রিম অ্যাজ ওয়ান’ গানটি বিশ্বজুড়ে শ্রোতাদের মনে গভীর প্রভাব ফেলেছে। তাকে এই সম্মাননা দিতে পেরে আমরা গর্বিত।”
উল্লেখ্য, এর আগেও আন্তর্জাতিক অঙ্গনে বড় সাফল্য পেয়েছেন মাইলি সাইরাস। ২০২৪ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসে ‘ফ্লাওয়ার্স’ গানটির জন্য তিনি সেরা পপ একক পারফরম্যান্সসহ বছরের সেরা রেকর্ডের পুরস্কার অর্জন করেন। এবার পাম স্প্রিংসের স্বীকৃতি তার ক্যারিয়ারে যুক্ত করল আরেকটি উল্লেখযোগ্য অধ্যায়।
এএডি/