নীরবতা ভাঙলেন বিন্দু

আনন্দ সময় প্রতিবেদক

বিনোদন

নজরকাড়া সৌন্দর্যের প্রমাণ দিয়েই ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে শোবিজে আগমন ঘটেছিল অভিনেত্রী আফসান আরা বিন্দুর।

2025-12-22T23:25:24+00:00
2025-12-22T23:25:24+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
বিনোদন
নীরবতা ভাঙলেন বিন্দু
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ১১:২৫ পিএম 
অভিনেত্রী আফসান আরা বিন্দু। ফাইল ছবি
নজরকাড়া সৌন্দর্যের প্রমাণ দিয়েই ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে শোবিজে আগমন ঘটেছিল অভিনেত্রী আফসান আরা বিন্দুর। এরপর অভিনয়ে দারুণ সময় কাটে তার। বিজ্ঞাপন, নাটক ও টেলিফিল্মের পাশাপাশি অভিনয় করেন সিনেমায়। বিশেষ করে টিভি নাটকে সমসাময়িকদের তুলনায় অনেকটাই এগিয়ে ছিলেন ব্যস্ততায়। কিন্তু হঠাৎ বিয়ে করে ২০১৪ সাল থেকেই আড়ালে চলে যান বিন্দু। ঘর-সংসার নিয়ে শুরু হয় তার জীবনের নতুন অধ্যায়। পর্দায় দেখা না গেলেও ২০১৯ সালে রাজধানীর একটি ম্যারাথনে হঠাৎ প্রকাশ্যে দেখা যায় বিন্দুকে। তবে প্রায় এক দশক পর ২০২৩ সালে ‘উনিশ২০’ নামের একটি ওয়েব ফিল্মে আরেফিন শুভর সঙ্গে জুটিবদ্ধ হয়ে নতুন রূপে ফিরে আসেন পর্দায়। ওয়েব ফিল্মটি দর্শকদের প্রশংসা কুড়ায়। তারপর আবারও অন্তরালে চলে যান বিন্দু। 

সম্প্রতি একটি পডকাস্টে এসে নীরবতা ভাঙলেন এ তারকা। মাছরাঙা টেলিভিশনের ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে নিজের ব্যক্তিজীবনের অজানা অধ্যায় তুলে ধরেন বিন্দু। আলাপচারিতায় অভিনেত্রী জানান ২০১৭ সাল থেকে স্বামী থেকে আলাদা থাকেন এবং ২০২২ সালে তাদের বিয়ে বিচ্ছেদ হয়। তবে আনুষ্ঠানিকভাবে বিষয়টি প্রকাশ না করায় অনেকের কাছে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে তার বৈবাহিক জীবন। 

বিন্দু বলেন, ‘অনেকে হয়তো এ প্রসঙ্গে জিজ্ঞাসা করেন না, যদি অস্বস্তিবোধ করি। বড় সংখ্যক মানুষ মনে করেন, আমি বিবাহিত। কিন্তু আমি বিবাহিত নই। আমার সংসারের জার্নিটা অনেক ছোট ছিল।’ 


আলোচনার একপর্যায়ে বিন্দু জানান কারও চাপে নয় বরং নিজ থেকে অভিনয় থেকে তার দূরে থাকা। ক্যারিয়ারে অনেকের বিপরীতে অভিনয় করেছেন বিন্দু। আরেফিন শুভর সঙ্গে জুটি হয়ে বেশ কিছু কাজ করেছেন তিনি। পর্দার তাদের রসায়ন যেমন প্রশংসিত হয়েছে, ঠিক তেমনই ব্যক্তিগতজীবন ঘিরেও একসময় প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। কাজের ক্ষেত্রে দুজনের বোঝাপড়া আর অভিনয়ের স্বাভাবিকতা দর্শকদের মনে আলাদা জায়গা করে নেয়। 

আরেফিন শুভর সঙ্গে পর্দার রসায়ন প্রসঙ্গে বিন্দু বলেন, ‘পর্দায় তার সঙ্গে আমার রসায়ন অসম্ভব ভালো এটা সত্যি। এই রসায়নটা আসে দুজনের ভালো বোঝাপড়া থেকে। আমরা কাজ নিয়ে এতটাই মনোযোগী ছিলাম যে, এর বাইরে অতিরিক্ত কিছু ভাবার সুযোগই ছিল না। আমরা সবাই কাজটাকেই পাগলের মতো ভালোবাসতাম।’ 

প্রেম ভাঙল কেন? সঞ্চালকের এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘কেন প্রেম ভেঙে গেল এর উত্তর আমার কাছেও নেই। দুটি মানুষের পথচলা যে একই জায়গায় শেষ হতেই হবে, এমন তো কোনো কথা নেই।’ 

ভবিষ্যতে আবার আরেফিন শুভর সঙ্গে কাজ করবেন কি না? উত্তরে বিন্দু বলেন, ‘সুযোগ এলে তার আগ্রহ আছে। সব কিছু অনুকূলে থাকলে আবারও শুভর সঙ্গে কাজ করতে চান তিনি।’ 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   নীরবতা ভাঙলেন  বিন্দু 


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: