অনেক আশা নিয়ে ১৬ ডিসেম্বর ঢাকায় এসেছিলেন ওস্তাদ আলাউদ্দিন খাঁর প্রপৌত্র, মাইহার ঘরানার শিল্পী সিরাজ আলী খান। কথা ছিল ১৯ ডিসেম্বর ছায়ানটে পারফর্ম করবেন তিনি। কিন্তু ছায়ানট প্রাঙ্গণে হামলা ও ভাঙচুরের ঘটনায় বাতিল হয় অনুষ্ঠান। ক্ষোভ ও গভীর কষ্ট নিয়ে নিজ দেশে ফিরে যান সিরাজি। বাংলাদেশে আর আসবেন না বলেও জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দেন এই শিল্পী। সিরাজ আলী খান লিখেছেন, ভারী হৃদয়ে বলতে হচ্ছে শিল্পী ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো নিরাপদ ও সম্মানিত না হওয়া পর্যন্ত আমি বাংলাদেশে আর ফিরব না। এই সিদ্ধান্ত রাগ থেকে নয় বরং নিজের শিল্প, উত্তরাধিকার ও ব্যক্তিগত নিরাপত্তার দায়বদ্ধতা থেকেই নেওয়া। সংগীতের শক্তির ওপর বিশ্বাস এখনও অটুট থাকলেও, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনায় গভীরভাবে আহত।
যা ঘটেছে, তা শুধু একটি সংগঠন বা যন্ত্র ভাঙচুর নয়; এটি সংস্কৃতি, শিল্পী এবং যৌথ ঐতিহ্যের ওপর আঘাত। সংগীত সবসময় দেশ ও ইতিহাসের মধ্যে সেতু হিসেবে কাজ করেছে, সেই সেতু ভেঙে পড়লে সমাজ আরও দরিদ্র হয়ে পড়ে।
পোস্টে তিনি স্পষ্ট করে জানান, তার বক্তব্য কোনোভাবেই সরকার বা বাংলাদেশের সংস্কৃতিমনস্ক মানুষের বিরুদ্ধে নয়। অতীতে ঢাকায় যে ভালোবাসা ও সম্মান তিনি পেয়েছেন তা তিনি আজীবন মনে রাখবেন বলেও উল্লেখ করেন।
উল্লেখ্য, সিরাজ আলী খান ওস্তাদ আলাউদ্দিন খাঁর পুত্র আলী আকবর খাঁর নাতি। তিনি মাইহার ঘরানার অন্যতম প্রতিনিধিত্বশীল শিল্পী। চলতি বছরের অক্টোবরে ঢাকায় আয়োজিত ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মবার্ষিকীর অনুষ্ঠানেও তিনি সংগীত পরিবেশন করে প্রশংসা কুড়িয়েছিলেন।
সময়ের আলো/এনএ