ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা এগারোটার দিকে তিনি শরিফ ওসমান হাদির কবর জিয়ারত বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।
তারেক রহমানের আগমন ঘিরে ক্যাম্পাসে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে সড়জমিনে গিয়ে দেখা যায় পুলিশ, র্যাব, বিজিবিসহ বিভিন্ন বাহিনীর উপস্থিতি।
এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা শাহবাগে অবস্থান করে ‘মা মাটি ডাকছে, তারেক রহমান আসছেন’, ‘জিন্দাবাদ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ’, ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন।
অন্যদিকে তারেক রহমানের আগমন উপলক্ষে শাহবাগ মোড় থেকে সরে গিয়ে ডানদিকে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। দুপুর ১২টায় পুনরায় শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন সংগঠনটি।
সকালে ইনকিলাব মঞ্চের ভেরিফাইড ফেইসবুক পেইজে এক পোস্টে জানানো হয়, আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহিদ ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষে ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড় থেকে ডানদিকে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নিয়েছে। ঠিক দুপুর ১২টায় পুনরায় শাহবাগ মোড়ে শহিদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হবে। বিচার আদায়ের দাবিতে সারা দেশের জনতাকে শহিদ হাদি চত্বরে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হচ্ছে।
ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা বলেন, সকাল এগারোটার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদ ওসমান হাদির কবর জিয়ারত করতে আসবেন। তাই উনার যাওয়া আসার সুবিধার্থে এবং তাকে সহযোগিতা করার জন্য এই জায়গা থেকে সরে গিয়েছি যেন তাদের কোনো অসুবিধা না হয় কারণ উনার সাথে অনেক গাড়ি বহর থাকবে। উনি চলে যাওয়ার পর আমার বারোটার সময় আবার এখানে চলে আসবো।
সময়ের আলো/জেডআই