বর্ষপঞ্জি থেকে চলে গেল আরও একটি বছর। নানা প্রত্যাশা নিয়ে শুরু হলো নতুন বছর। বিশ্ব যখন নানা রকম অস্থিরতার মধ্য দিয়ে পার হচ্ছে, এর বাইরে ছিল না বাংলাদেশও। মব সন্ত্রাস, ভূমিকম্প, তারেক রহমানের দেশে ফেরা ও খালেদা জিয়ার মৃত্যুসহ নানা ঘটনার পরম্পরায় শুরু হলো আরেকটি বছর।
ঘড়ির কাঁটায় ঠিক রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে আতশবাজি ও পটকা ফাটিয়ে ২০২৬ সালকে স্বাগত জানায় নগরবাসী।
বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে রাজধানীর প্রায় সব এলাকায় আতশবাজি ও পটকা ফাটানোর বিকট আওয়াজ পাওয়া যায়।
এবার এমন সময় নতুন বছর কড়া নাড়ল, যখন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক চলছে। শোকের এ সময়ে খ্রিষ্টীয় নতুন বছর বরণে নানা বিধিনিষেধের কথা জানিয়েছিল ডিএমপি।
ডিএমপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাষ্ট্রীয় শোকের সময়ে ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ থাকবে।
উন্মুক্ত স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি ও শোভাযাত্রা না করার কথাও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কিন্তু শোকের আবহ ও এসব বিধিনিষেধের মধ্যেও ঢাকায় রাতের আকাশে দেখা যায় রঙিন আলোর ঝলকানি, ফানুস ও গ্যাস বেলুন।
সময়ের আলো/কেএইচও