আগামী জুনে অনুষ্ঠিত বিশ্বকাপে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে নামবে আর্জেন্টিনা। ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতেছিল দলটি। যদিও আসন্ন বিশ্বকাপে লিওনেল মেসি অংশ নেবেন কি–না তা এখনও নিশ্চিত নয়।
আর্জেন্টিনা জাতীয় দল থেকে এখনও অবসর না নিলেও বিশ্বকাপে খেলার নিশ্চয়তা দেননি ৩৮ বছর বয়সী এই মহাতারকা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জন্য এখনও পার্থক্য গড়ে দেয়ার সামর্থ্য মেসির আছে, এ ব্যাপারে সন্দেহ নেই প্রতিপক্ষেরও। তবে স্পেন জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তে তো মেসিকে রীতিমতো অনুরোধ জানিয়েছেন, ‘তিনি যেন কখনোই অবসর না নেন’।
নভেম্বরে স্প্যানিশ প্রকাশনা স্পোর্তকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বকাপে খেলার সম্ভাবনা ‘খুব রোমাঞ্চকর’ কি না—এমন প্রশ্নে মেসি বলেছিলেন, হ্যাঁ, অবশ্যই। এটা একটি বিশেষ বিশ্বকাপ। জাতীয় দলের হয়ে খেলা সব সময়ই বিশেষ, বিশেষ করে বড় ও আনুষ্ঠানিক প্রতিযোগিতায়, আর বিশ্বকাপের গুরুত্ব তো আরও আলাদা—বিশেষ করে যখন আপনি এটি জিতেছেন।
মেসি আরও বলেছিলেন, তবে যেমনটা বলেছি, আমি বোঝা হতে চাই না। আমি শারীরিকভাবে ফিট অনুভব করতে চাই, নিশ্চিত হতে চাই যে আমি দলকে সাহায্য করতে ও অবদান রাখতে পারব। আমাদের (ইন্টার মায়ামিতে) মৌসুম ইউরোপের মতো নয়। বিশ্বকাপের আগে আমাদের একটি প্রাক-মৌসুম থাকবে, হাতে গোনা কিছু ম্যাচ হবে। তাই দিন দিন পরিস্থিতি দেখে বুঝতে হবে আমি সত্যিই শারীরিকভাবে যথেষ্ট প্রস্তুত কি না। তবুও, আমি জানি এটা বিশ্বকাপ—এটা বিশেষ, আর বিশ্বকাপই সবচেয়ে বড় প্রতিযোগিতা। তাই আমি উত্তেজিত, কিন্তু একদিন করে এগোচ্ছি।
এবার স্পেনের কোচ দে লা ফুয়েন্তে মেসিকে বিশ্বকাপে খেলার আহ্বান জানিয়েছেন। ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেনকেও আগামী গ্রীষ্মের টুর্নামেন্টে আর্জেন্টিনার পাশাপাশি শিরোপার অন্যতম দাবিদার হিসেবে দেখা হচ্ছে।
ডিসেম্বরে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে হারিয়ে মায়ামির ঐতিহাসিক এমএলএস কাপ জয়ে দুটি অ্যাসিস্ট করে নিজের দুর্দান্ত ফর্মের প্রমাণ দিয়েছেন মেসি। দে লা ফুয়েন্তে মনে করেন, বিশ্বকাপে খেললে আর্জেন্টিনার জন্য মেসিই হবেন পার্থক্য গড়ে দেওয়া খেলোয়াড়।
পুরুষদের ফিফা র্যাংকিংয়ে শীর্ষে থাকা স্পেন আগামী ২৭ মার্চ ফিনালিসিমায় আর্জেন্টিনার মুখোমুখি হবে। ইউরো ২০২৪ জিতে স্পেন এই ম্যাচে জায়গা করে নেয়, আর ২০২৪ কোপা আমেরিকা জয়ের মাধ্যমে ফাইনাল নিশ্চিত করে স্কালোনির আর্জেন্টিনা।
স্প্যানিশ প্রকাশনা এএস'কে দে লা ফুয়েন্তে বলেন, মেসি এমন একজন খেলোয়াড়, যার কখনোই অবসর নেওয়া উচিত নয়। ঠিক যেমন ক্রিস্টিয়ানো রোনালদো। তারা অসাধারণ।
স্পেনের কোচ আরও বলেন, ফিনালিসিমা বা বিশ্বকাপে মেসির ফর্ম যেমনই হোক না কেন, সে এমন একজন খেলোয়াড় যে একটি ছোট মুহূর্তেই পার্থক্য গড়ে দিতে পারে। তাই লিওর ক্যারিয়ার এবং তার সামনে যা এখনও অপেক্ষা করছে—সব কিছুর প্রতি আমার সম্পূর্ণ সম্মান ও শ্রদ্ধা।
সময়ের আলো/এআর